হরমুজের আশপাশে হামলার কার্যকারিতা নিয়ে সংশয়ে মার্কিন বাহিনী
সাগরে মার্কিন রণতরীর ওপর দিয়ে উড়ছে যুদ্ধজাহাজ। ফাইল ছবি: এএফপি
আরটি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১২:৪২
হরমুজ প্রণালির আশপাশের ইরানি লক্ষ্যবস্তুতে হামলা করা আর কার্যকর নয়। এমনটাই মনে করছেন মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার। বিষয়টি সম্পর্কে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পরামর্শ দিয়েছেন।
মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পকে কুপার বলেছেন, ওই এলাকায় নির্ধারিত বোমা হামলার লক্ষ্যগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র যদি আবার বড় ধরনের যুদ্ধ অভিযানে না যায়, তাহলে হামলা চালিয়ে কোনো লাভ নেই।
টানা কয়েকদিন সংঘাতের পর গত শুক্রবার ট্রাম্প ইরানে হামলা স্থগিত করেন। সোমবার সকাল পর্যন্ত নতুন করে সংঘাতের খবর পাওয়া যায়নি। এর মধ্যেই খবর বেরিয়েছে, আঞ্চলিক মধ্যস্থতাকারীরা নতুন যুদ্ধবিরতির জন্য জোর চেষ্টা চালাচ্ছেন।
কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানোর জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুত কমে গেছে। এ নিয়ে পেন্টাগন উদ্বিগ্ন। তবে ট্রাম্প প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার খবর অস্বীকার করেছেন।
এদিকে পাল্টাপাল্টি হামলা বন্ধ হলেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনও থমকে আছে। তেহরান জোর দিয়ে বলছে, প্রণালি দিয়ে যাওয়া সব যানবাহন নিয়ন্ত্রণের অধিকার তাদের আছে। তারা মার্কিন নৌবাহিনীর নির্ধারিত রুটগুলোকে অবৈধ বলে আখ্যা দিয়েছে।
- বিষয় :
- হরমুজ প্রণালি
- সামরিক বাহিনী
- যুক্তরাষ্ট্র
- ইরান