ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক থেকে অন্য অঙ্গনের শিখরে তারা

শিক্ষক থেকে অন্য অঙ্গনের শিখরে তারা
×

জে কে রাউলিং (বাঁ থেকে), বারাক ওবামা, অ্যাঞ্জেলিনা জোলি ও অপরা উইনফ্রে। কোলাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৩:১০ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ১৩:১৪

রূপালি পর্দা, কনসার্টের মঞ্চ কিংবা হোয়াইট হাউসের মতো প্রভাবশালী কোনো দপ্তর। নানা অঙ্গনে বর্তমানে যারা অতি পরিচিত, তাদের অনেকেই একাধিক কাজে নিজেদের দক্ষ করে তুলেছেন। এক সময় কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেনও। তালিকায় বারাক ওবামার মতো প্রেসিডেন্ট (সাবেক) যেমন আছেন, তেমনি আছেন জে কে রাউলিংয়ের মতো লেখক কিংবা অ্যাঞ্জেলিনা জোলির মতো হলিউড তারকা।

বছরের পর বছর ধরে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শ্রেণিকক্ষে এই তারকা ব্যক্তিত্বদের সান্নিধ্য পেয়েছেন। যেমন, বিখ্যাত সিরিজ হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং শিক্ষকতার পাশাপাশি নানা অঙ্গনে কাজ করেছেন। ১৯৯০ এর দশকে তিনি স্কটল্যান্ডের এডিনবার্গ লেইথ একাডেমিতে ভাষার শিক্ষক ছিলেন। এছাড়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হয়ে আফ্রিকায় দোভাষীর কাজও করেছেন।

ব্রিটিশ রক ব্যান্ড কুইনের গিটারিস্ট ছিলেন ব্রায়ান মে। ১৯৮৫ সালে রক ইতিহাসের অন্যতম আইকনিক পারফরম্যান্সে অংশ নিয়েছেন। গিটার হাতে ‘রক গুরু’ হওয়ার আগে তিনি ছিলেন পদার্থবিজ্ঞানের শিক্ষক। এছাড়া, ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) জয়ী উপস্থাপক ও কৌতুকাভিনেতা রোমেশ রঙ্গনাথনও গণিতের শিক্ষক ছিলেন।

বিখ্যাত টিভি উপস্থাপক অপরা উইনফ্রে যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির কেলগ গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্টে পড়িয়েছেন। তাঁর কোর্সের নাম ছিল- ‘ডায়নামিকস অব লিডারশিপ’। এই কোর্সে পড়তে আগ্রহী শিক্ষার্থীদেরকে বছরজুড়ে একটি নির্দিষ্ট পরিমাণ নম্বর বা ক্রেডিট অর্জন করতে হতো। প্রতিষ্ঠানটির সবচেয়ে প্রতিযোগিতামূলক কোর্সগুলোর মধ্যে এটি ছিল একটি। যারা উইনফ্রের ক্লাস করেছেন, পরে সবাই বলেছেন, এটি তাদের জীবনে সত্যিকার অর্থেই প্রভাব ফেলেছে।

একজন অসাধারণ অভিনেত্রী হওয়ার পাশাপাশি অ্যাঞ্জেলিনা জোলি ২০১৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্সে ‘উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি’ বিষয়ে পড়িয়েছেন। স্পাইডার ম্যান (২০০২) খ্যাত জেমস ফ্রাঙ্কোকে অনেকভাবেই পরিচয় করিয়ে দেওয়া যায়। তিনি একাধারে অভিনয় শিল্পী, লেখক, পরিচালক ও প্রযোজক। দীর্ঘ সময় ধরে তিনি অধ্যাপকও ছিলেন। ২০১২ সালে লস অ্যাঞ্জেলেসের ইউসিএলএ স্কুল অব থিয়েটার, ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পড়িয়েছেন। এছাড়া, নিউইয়র্ক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ক্লাস নিয়েছেন চলচ্চিত্রের ওপর।

এবার আসা যাক বিশ্বের অন্যতম ক্ষমতাধর (২০০৯-১৭) এক ব্যক্তির প্রসঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট হওয়ার আগে বারাক ওবামা ১২ বছর ধরে শিকাগো বিশ্ববিদ্যালয়ের ল স্কুলে পড়িয়েছেন। বিষয় ছিল- ‘রাইটস, রেস অ্যান্ড জেন্ডার’। তাঁর ক্লাস করা অনেক শিক্ষার্থীই বলেছেন, শ্রেণিকক্ষে তিনি যে ধারণাগুলোর কথা বলতেন, সেগুলো প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ও দেখা গিয়েছিল।

তথ্যসূত্র: দোজ হু ক্যান ও আইহার্ট

আরও পড়ুন

×