ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্র-সৌদি আরবের যৌথ হামলা

ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের ওপর যুক্তরাষ্ট্র-সৌদি আরবের যৌথ হামলা
×

তেহরানে প্রদর্শিত ইরানের ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের দাবি, মধ্যপ্রাচ্যে তাদের বাহিনী লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ছবি:রয়টার্স

আল জাজিরা

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১০:৪৮ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ | ১০:৫২

ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের বিভিন্ন ঘাঁটিতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

এদিকে সৌদি আরব জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঠানো একাধিক ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনগুলো ইরান থেকে নয়, ইরাকভিত্তিক ইরানপন্থী মিলিশিয়ারা পাঠিয়েছিল।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে এক সামরিক কর্মকর্তা বলেন, সৌদি আরবের লক্ষ্যবস্তুতে হামলার সঙ্গে ইরানের কোনো সম্পৃক্ততা নেই। তার ভাষ্য, অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে যেকোনো হামলার দায় ইরানের ওপর চাপানো বাস্তবতা বিবর্জিত এবং পরিস্থিতি সম্পর্কে ভুল মূল্যায়নের ফল।

এর মধ্যেই ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজন হলে তেহরান ‘যেকোনো পদক্ষেপ’ নিতে প্রস্তুত।

এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, সৌদি আরবের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের একাধিক অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, গত ৭২ ঘণ্টায় আইআরজিসির নির্দেশে ৩০টির বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সেন্টকমের দাবি, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যুদ্ধবিমান ইরাকের পূর্বাঞ্চলে মিলিশিয়াদের অস্ত্রভান্ডার, রসদ সরবরাহকেন্দ্র এবং অন্যান্য সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে আইআরজিসির সাম্প্রতিক হামলাকে ‘অযৌক্তিক’ ও ‘ব্যর্থ’ বলে উল্লেখ করেছে মার্কিন বাহিনী।

মার্কিন বাহিনীর তথ্যমতে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরাকভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো অঞ্চলজুড়ে মার্কিন নাগরিক ও স্থাপনাকে লক্ষ্য করে ৬০০টির বেশি হামলার চেষ্টা করেছে। এসব হামলা বন্ধে আইআরজিসি ও তাদের সহযোগীদের প্রতি সতর্কবার্তাও দিয়েছে সেন্টকম।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো ড্রোন হামলা প্রতিহত করার পর সেন্টকমের সঙ্গে সমন্বয় করে ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে পাল্টা অভিযান চালানো হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আসা ড্রোনগুলো সফলভাবে ভূপাতিত করা হয়েছে। তাঁর দাবি, এসব ড্রোন ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

এদিকে আল–জাজিরাকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাকের দক্ষিণাঞ্চলের বসরা প্রদেশে পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) একটি সদর দপ্তরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ এবং এতে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

তবে ইরাকের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ওই হামলায় পিএমএফের অন্তত দুজন সদস্য আহত হয়েছেন। পিএমএফ, যা হাশদ আল-শাবি নামেও পরিচিত, ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর একটি জোট। এর উল্লেখযোগ্য অংশের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
 

আরও পড়ুন

×