ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মস্কোর ইতালীয় রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৩

মস্কোর ইতালীয় রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৩
×

ছবি: গেটি ইমেজেস

বিবিসি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১০:৫৩ | আপডেট: ০২ আগস্ট ২০২৬ | ১০:৫৫

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় হাতে তৈরি বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে  শহরের কেন্দ্রের কাছে কুদ্রিনস্কায়া স্কোয়ারে এ ঘটনা ঘটে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা যায়, ন্যাশনাল অ্যান্টি-টেররিস্ট কমিটি (এনএকে) জানিয়েছে, বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে একজন নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। এ সময় বিস্ফোরকটি বিস্ফোরিত হলে ওই নারী, নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁয় আসা এক ব্যক্তি নিহত হন।

মস্কোর স্টালিন-যুগের বিখ্যাত আকাশচুম্বী ভবনগুলোর একটিতে অবস্থিত রেস্তোরাঁটিতে তখন একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন চলছিল। তবে অনুষ্ঠানের অতিথিদের তালিকা কিংবা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় অনেককে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, বিস্ফোরণটি রেস্তোরাঁর রান্নাঘরে ঘটেছে। তবে পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘সমস্যাটি বাইরে ঘটেছিল।’

ঘটনার পর কুদ্রিনস্কায়া স্কোয়ারের আশপাশের সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ওই এলাকায় নির্ধারিত সান্ধ্যকালীন সাইকেল রাইডও বাতিল করা হয়।

রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ভারী অস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। পুরো এলাকা সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও এর আশপাশে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এসব হামলার জন্য ইউক্রেনের রাজধানী কিয়েভকে দায়ী করে আসছে মস্কো।

আরও পড়ুন

×