এবার গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
ইসরায়েলি হামলায় ধ্বংস্তূপে পরিণত হওয়া স্থানে এক ফিলিস্তিনি বাসিন্দা। শনিবার গাজার দেইর আল-বালাহতে। ছবি: এএফপি
আলজাজিরা
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ২০:৩১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে অস্ত্র ছাড়তে রাজি হয়েছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। শর্ত হিসেবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা আছে। কিন্তু ইসরায়েলের একাধিক প্রভাবশালী মন্ত্রী প্রকাশ্যে হামাসের নিরস্ত্রীকরণ ‘চুক্তির’ বিরোধিতা করছেন।
রোববার এক অনুষ্ঠানে জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন বলেছেন, ‘গাজায় হামলা বন্ধের জন্য কোনো চুক্তি হয়নি। তেল আবিব বর্তমানে গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে রেখেছে। এখন তাদের উচিত ফিলিস্তিনের উপত্যকাটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া।’
এর আগে হামাসের নিরস্ত্রীকরণ সংক্রান্ত কথিত চুক্তির বিরোধিতা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি খসড়া চুক্তিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উড়িয়ে দেন।
হামাস অস্ত্র ছাড়তে রাজি হওয়ার বিষয়ে গত শুক্রবার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এটিকে তিনি একটি চুক্তি হিসেবে উল্লেখ করেন। এর আওতায় ইসরায়েলের সেনারা বাফার জোন পর্যন্ত সরে যাবে এবং উপত্যকায় হামলা বন্ধ থাকবে। কিন্তু গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলা আরও জোরদার হয়েছে।
ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত আলোন পিঙ্কাস বলছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বলছেন একটি চুক্তি হয়েছে। কিন্তু আসলে কোনো চুক্তিই হয়নি। ইসরায়েল এখন এই দুই অবস্থানের মাঝামাঝিতে পড়ে গেছে। ফলে কথিত চুক্তি কাজ করা নিয়ে সন্দেহ আছে।’
- বিষয় :
- গাজা উপত্যকা
- হামাস
- ইসরায়েল
- মন্ত্রী