ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
×

গ্রিসের আগিয়া পারাসকেভি গ্রামের কাছে দাবানল নিয়ন্ত্রণে লড়াই করছেন দমকলকর্মীরা। ছবি: শাটারস্টক

বিবিসি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১২:৫৪ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ১৩:০০

গ্রিসে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় আকাশে দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের সংঘর্ষে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেনিশ পাইলট এবং অন্যজন গ্রিক ফায়ার সার্ভিসের লিয়াজোঁ কর্মকর্তা। তবে দ্বিতীয় হেলিকপ্টারে থাকা এক ব্রিটিশ পাইলট ও আরেক গ্রিক সমন্বয়কারী প্রাণে বেঁচে গেছেন।

রাজধানী এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে রোববার এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, 'বেল' মডেলের একটি হেলিকপ্টার অন্যটির রোটরে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায় এবং তা একটি গিরিখাতে বিধ্বস্ত হয়। অপর হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়।

গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে, আত্তিকা-বোয়োশিয়া সীমান্তে ছড়িয়ে পড়া একটি বড় দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় অস্ট্রেলীয় প্রতিষ্ঠান ম্যাকডারমট এভিয়েশন- এর কাছ থেকে ভাড়া নেওয়া দুটি হেলিকপ্টারের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর একটি হেলিকপ্টারের দুই আরোহীকে জীবিত উদ্ধার করা হলেও অপরটির দুই ক্রুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

বেঁচে যাওয়া দুজনের একজন ব্রিটিশ পাইলট এবং অন্যজন গ্রিক ফায়ার সার্ভিসের লিয়াজোঁ কর্মকর্তা। সিভিল প্রোটেকশন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, তারা সামান্য আহত হয়েছেন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২৪ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুর্ঘটনার পর তারাই উদ্ধারকারীদের কাছে ঘটনাস্থলের তথ্য পৌঁছে দেন।

ঘটনার পর নিয়ম অনুযায়ী সারা দেশে 'বেল' মডেলের সব হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে গ্রিসের সিভিল প্রোটেকশন মন্ত্রণালয়।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

ম্যাকডারমট এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জন ম্যাকডারমট বলেন, এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করা হবে।

হেলিকপ্টার দুর্ঘটনা সত্ত্বেও গ্রিসে দাবানল নিয়ন্ত্রণের অভিযান থেমে নেই। এরিকসন এয়ার-ক্রেন, চিনুক হেলিকপ্টার এবং কানাডেয়ার ওয়াটার-বম্বিং বিমান আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে, টানা তাপপ্রবাহে গ্রিসের পাশাপাশি ফ্রান্স ও স্পেনেও ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। মাদ্রিদ ও বোর্দোর কাছাকাছি দুটি বড় অগ্নিকাণ্ড এখন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া প্রায় তিন লাখ মানুষ ধীরে ধীরে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন।

গ্রিসের বিভিন্ন এলাকায় গত ৭২ ঘণ্টা ধরে ৫০০-এর বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ দাবানল মানুষের অসাবধানতা বা ইচ্ছাকৃত কর্মকাণ্ডের কারণে শুরু হলেও জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়া এমন দুর্যোগকে আরও ঘন ঘন এবং ভয়াবহ করে তুলছে।

আরও পড়ুন

×