ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ হামলায় ইউক্রেনে ৮০ লাখ বই ভস্মীভূত

রুশ হামলায় ইউক্রেনে ৮০ লাখ বই ভস্মীভূত
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ০৫:২২

ইউক্রেনের খারকিভ শহরে একটি বইয়ের গুদামে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ লাখের বেশি বই ধ্বংস হয়ে গেছে। গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির শীর্ষ প্রকাশনা সংস্থা রানোক।

এএফপি জানায়, ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়ে প্রকাশনা সংস্থাটির পরিচালক ভিক্টর ক্রুগলভ এবং কিয়েভ প্রশাসন যৌথভাবে একে ইউক্রেনীয় শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতির ওপর মস্কোর উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে আখ্যা দিয়েছে।

গত মাসেও ইউক্রেনের আরেকটি গুদামে রুশ হামলায় ৮ লাখ বই ধ্বংসের খবর পাওয়া যায়। কিয়েভ বলছে, রাশিয়া ধারাবাহিকভবে ইউক্রেনের জাদুঘর, গ্যালারি ও গির্জাসহ বিভিন্ন সাংস্কৃতিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে। 

ইউক্রেনের পাল্টা হামলায় নিহত ৬
এদিকে রাশিয়ার মূল ভূখণ্ড ও মস্কো নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ক্রাসনোদর অঞ্চলের গভর্নর বেনিয়ামিন কন্ড্রাতইয়েভ জানান, কৃষ্ণসাগর উপকূলের একটি পর্যটন এলাকায় ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শিশুসহ ১৩ জন আহত হয়েছেন।

২০১৪ সালে রাশিয়ার দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপে রাতভর ইউক্রেনীয় হামলায় আরও তিন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সাম্প্রতিক মাসগুলোতে ক্রিমিয়ায় ইউক্রেনের জোরদার হামলার কারণে উপদ্বীপটিতে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে।

রাশিয়ায় ওল্ডবেরিজের গুদামে আবার হামলা
রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলে দেশটির বৃহত্তম অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান ওল্ডবেরিজজের গুদামে হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় গভর্নর আলেকজান্ডার আভদেয়েভ জানান, হামলায় গুদামটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও বিভিন্ন এলাকায় ওল্ডবেরিজজের একাধিক গুদামে হামলা চালিয়েছে ইউক্রেন।

ইউক্রেনীয় প্রশাসনের দাবি, ওল্ডবেরিজ রুশ বাহিনীকে ড্রোনের উপাদান, নেভিগেশন সরঞ্জাম ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করে।

আরও পড়ুন

×