ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিজেপির দুর্গে কিশোরের উত্থান, জেন-জি আন্দোলন কীভাবে ভূমিকা রেখেছে

বিজেপির দুর্গে কিশোরের উত্থান, জেন-জি আন্দোলন কীভাবে ভূমিকা রেখেছে
×

বিজেপির দুর্গ ও বিহারের বাঁকিপুর আসনের উপনির্বাচনে জিতেছেন জন সুরাজের প্রশান্ত কিশোর। ছবি: এক্স থেকে নেওয়া

স্ক্রল ডট ইন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৪:৩০

ভারতের বিহার বিধানসভার বাঁকিপুর আসনের উপনির্বাচনে সোমবার বড় ব্যবধানে জিতেছেন জন সুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর। তাঁর এই জয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, তিনি ক্ষমতাসীন দল বিজেপির ভোটের দুর্গ ভেঙে দিয়েছেন। 

বাঁকিপুর বিজেপির দুর্গ হয়ে ওঠার পেছনে আছেন, দলটির বর্তমান কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন ও তাঁর পরিবার। নীতিন এই আসনে টানা পাঁচবার জিতেছেন। এর মধ্যে ৯ মাস আগের বিধানসভা নির্বাচনও আছে। তখন ভোট প্রাপ্তির দিক থেকে প্রশান্তের দল জন সুরাজ ছিল তৃতীয় অবস্থানে।

গত মার্চ মাসে নীতিন নবীন বিহার থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। ফলে বিধানসভার বাঁকিপুর আসনটি শূণ্য ঘোষণা করা হয়। এবার সেই আসনের উপনির্বাচনে চমক দেখালেন নির্বাচনী কৌশলের পরিকল্পনাবিদ থেকে রাজনীতিবিদ হওয়া প্রশান্ত। বিজেপির প্রার্থী নীরজ কুমারকে ১৯ হাজারের বেশি ভোটে হারিয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দিল্লিতে শুরু হওয়া জেন-জি আন্দোলনের সুফল পেয়েছেন কিশোর। সেই আন্দোলনে বিহারের তরুণরাও শামিল হয়েছিলেন। রাজ্যেও বিক্ষোভ কর্মসূচি হয়। জন সুরাজ পার্টির এই উত্থানের পর দলটি বিহারের রাজনীতিতে বিজেপির প্রধান বিরোধী হতে যাচ্ছে। 

জেন-জির প্রভাব 
পাটনার প্রাণকেন্দ্রে অবস্থিত এই আসনে কায়স্থ এবং বানিয়ার মতো উচ্চবর্ণের গোষ্ঠীগুলো ভোটারদের একটি বড় অংশ। এই সম্প্রদায়গুলো সাধারণত বিজেপিকে ভোট দেয়। রাজ্যটির বাসিন্দা ও রাষ্ট্রবিজ্ঞানী অশ্বিনী কুমার মনে করছেন, এই ভোটাররা এবার কিশোরের নতুন ও যোগ্যতাভিত্তিক নেতার ভাবমূর্তিতে আকৃষ্ট হয়েছে।

অশ্বিনী কুমার বলেন, বাঁকিপুরের অধিকাংশ বাড়িতেই একজন করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষার্থী আছে। অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত, আমলাও এখানে থাকেন। তারা আগে জনতা দলের নেতা নীতীশ কুমারের সুশাসন ও নতুন বিহার ধারণার সমর্থক ছিলেন। এখন তারা প্রশান্ত কুমারের মধ্যে সম্ভাবনা খুঁজে পেয়েছেন।

বিহারের এই রাষ্ট্রবিজ্ঞানীর অনুমান, রাজ্যে জেন-জিদের যে আন্দোলন হয়েছে সেটিও কিশোরের জয়ে ভূমিকা রেখেছে।

প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাদের দাবিতে হওয়া আন্দোলনে প্রশান্ত কিশোর শিক্ষার্থীদের পাশে ছিলেন। গত ২০ জুলাই দিল্লিতে সংসদ অভিমুখী মিছিলে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে। তখন প্রশান্ত বলেছিলেন, বাঁকিপুরের মানুষ ভোটের মাঠে পুলিশি নিষ্ঠুরতার জবাব দেবে। বিজেপিকে বুঝিয়ে দেবে ‘আমরাই গণতন্ত্র’।

পাটনাভিত্তিক সমাজবিজ্ঞানী এবং পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজের সহসভাপতি পুষ্পেন্দ্র কুমারও জেন-জি বিক্ষোভের প্রভাব মূল্যায়ন করেছেন। তিনি বলেন, ছাত্রদের বিক্ষোভের ওপর পুলিশি নিষ্ঠুরতা একটা পরিবেশ তৈরি করেছে। সে সময় বিজেপির নিয়মিত ভোটাররা দলের অহংকারী আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সম্ভবত সেখান থেকেই তারা দলকে একটি শিক্ষা দেওয়ার পথ বেছে নিয়েছেন।

জেন-জি আন্দোলনের পাশাপাশি প্রশান্ত কিশোরের সুনির্দিষ্ট ইস্যুভিত্তিক প্রচারও ভোটের মাঠে প্রভাব ফেলেছে। পুষ্পেন্দ্র কুমার বলেন, গত জুন মাসে ভোজপুরে উচ্চবর্ণের যুবক ভারত ভূষণ তিওয়ারি পুলিশ এনকাউন্টারে নিহত হন। এটিও উচ্চবর্ণের ভোটারদের মাঝে বিজেপির প্রতি অসন্তোষ তৈরির অন্যতম কারণ।

আরও পড়ুন

×