ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালি সচলে চুক্তির কাছাকাছি ইরান-ওমান: নিউইয়র্ক টাইমস

হরমুজ প্রণালি সচলে চুক্তির কাছাকাছি ইরান-ওমান: নিউইয়র্ক টাইমস
×

হরমুজ প্রণালির ওমান অংশে নোঙর করা কয়েকটি জাহাজ। ফাইল ছবি: এএফপি

আনাদোলু এজেন্সি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৮:১১ | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ | ২০:২৫

হরমুজ প্রণালি দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইরান ও ওমান। দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। 

গণমাধ্যমটিতে স্থানীয় সময় সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তির আওতায় জাহাজগুলো ইরানের উপকূল ও তাদের নিয়ন্ত্রণে থাকা একটি শিপিং চ্যানেল দিয়ে উপসাগরে প্রবেশ করবে। আর বের হওয়ার জন্য ওমানের কাছের একটি চ্যানেল ব্যবহার করবে।

ইরানি কর্মকর্তারা দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছেন, কোনো টোল নেওয়া হবে না। তবে চুক্তিতে ‘সার্ভিস ফি’ রাখা হয়েছে। এর মাধ্যমে কার্গো জাহাজ ও ট্যাঙ্কারের পরিবেশগত প্রভাব, নিরাপত্তা এবং কর্মী খরচ মেটানো হবে। এই আয় ইরান ও ওমানের মধ্যে সমানভাবে ভাগ হবে।

যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, প্রণালিতে চ্যানেল সংক্রান্ত ইরানের বর্ণনাটি সঠিক নয়। সেখানে যেকোনো অস্থায়ী শিপিং রুটের জন্য ইরানের অনুমতির দরকার হবে না। কোনো টোলও থাকবে না।

টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত ব্যবস্থাটি নিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সন্দেহ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা এটি ইরানকে ছাড় দেওয়ার ব্যবস্থায় পরিণত হবে। 

অপরদিকে চুক্তিটি কাজ করা নিয়ে কয়েকজন ইরানি কর্মকর্তাও প্রশ্ন তুলেছেন। এর মাধ্যমে আরেক দফায় মার্কিন হামলা ঠেকানো যাবে কি না, সেটি নিয়ে তারা সন্দিহান।

আরও পড়ুন

×