পাকিস্তানে বিদেশি গণমাধ্যমের ওপর নতুন বিধিনিষেধ আরোপ
ইমরান খানের মুক্তি দাবিতে বুধবার লাহোরে বিক্ষোভ হয়েছে। এরমধ্যে গণমাধ্যমের ওপর বিধিনিষেধ জারি হলো। ছবি: এএফপি
বিবিসি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১৮:৫৯ | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ | ১৯:০২
পাকিস্তানি কর্তৃপক্ষ দেশটিতে আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ সংগ্রহের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। সাংবাদিকদের সংগঠনগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ইসলামাবাদ, করাচি ও লাহোরে সংবাদ সংগ্রহ করতে হলে বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদেরকে অনুমতি নিতে হবে। পাকিস্তানি নাগরিকরা বিদেশি গণমাধ্যমের হয়ে কাজ করলে, তাদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য।
এই বিধিনিষেধের ফলে সরেজমিন প্রতিবেদন তৈরির বিষয়টি এখন কর্তৃপক্ষের ইচ্ছার ওপর নির্ভর করবে। রাজনৈতিক বিশ্লেষক মোস্তফা নওয়াজ খোখর বলেন, পরিসর ক্রমশ সংকুচিত হচ্ছে। তার মধ্যে এই নির্দেশনাগুলো গণমাধ্যমের গলা টিপে ধরার শামিল।
গণমাধ্যমের বৈশ্বিক স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম। দেশটিতে গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ নতুন কিছু নয়। স্থানীয় গণমাধ্যমগুলো প্রায়ই আন্তর্জাতিক গণমাধ্যমের চেয়ে বেশি চাপের মুখে থাকে।
নওয়াজ খোখর বলেন, মানুষ এখন খবরের জন্য আন্তর্জাতিক মিডিয়ার দিকে তাকিয়ে থাকে। নতুন বিধিনিষেধ আরোপের ফলে ভুল তথ্য ও গুজব ছড়ানোর সুযোগ আরও বাড়বে।
- বিষয় :
- গণমাধ্যম
- নিষেধাজ্ঞা জারি
- পাকিস্তান