ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জানাল ইরান

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জানাল ইরান
×

ছবি: রয়টার্স

বিবিসি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১০:১৪

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের সঙ্গে একটি সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। তবে তেহরান বলেছে, চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সঙ্গে সঙ্গেই নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত হবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, হরমুজ প্রণালি ব্যবহারের জন্য নির্ধারিত রুটের ভৌগোলিক অবস্থান নিয়ে ওমানের সঙ্গে সমঝোতা হয়েছে এবং বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও ইরানের বিরুদ্ধে চলমান হুমকির কারণে প্রণালির নিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, প্রস্তাবিত নতুন নৌপথটি হবে স্বল্প সময়ের জন্য। এটি দুই থেকে চার মাস কার্যকর থাকতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ওমান এখন পর্যন্ত এ প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, খুব দ্রুত হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানকে "কঠিন আঘাতের" মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রণালি পুনরায় চালুর বিষয়ে অগ্রগতি হচ্ছে। তবে ইরান আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলার বিষয়টি অস্বীকার করেছে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই ইরান কার্যত হরমুজ প্রণালিতে কড়াকড়ি আরোপ করে। বর্তমানে এ পথ ব্যবহার করতে ইচ্ছুক সব জাহাজকে আগাম অনুমতি নিতে হচ্ছে। ইরানের দাবি, নির্দেশনা অমান্য করা কয়েকটি জাহাজের বিরুদ্ধেও তারা ব্যবস্থা নিয়েছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় এর অচলাবস্থা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার এশিয়ার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ২৪ ডলারে নেমে আসে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের পণ্যমূল্যের ৫ থেকে ৭ শতাংশ হারে ফি আদায় করতে চায় ইরান। ওমান প্রায় ৩ শতাংশ ফি নির্ধারণের প্রস্তাব দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র কোনো ধরনের ফি আরোপের বিরোধিতা করছে।

এর আগে গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্র সংঘাত কমানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ৬০ দিনের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করলেও কয়েক দিনের মধ্যেই পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ায় সেই উদ্যোগ ভেস্তে যায়।

আরও পড়ুন

×