ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

নয়াদিল্লির প্রতিক্রিয়া

শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে ভারত সরকারের কোনো ভূমিকা নেই

শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে ভারত সরকারের কোনো ভূমিকা নেই
×

রণধীর জয়সোয়াল

 কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ০৯:০৭ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ১১:২৬

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্টের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই অনুষ্ঠানে দেওয়া তাঁর বক্তব্যের কোনো অংশও ভারত সরকার অনুমোদন করে না বলে স্পষ্ট করেছে নয়াদিল্লি। 

গতকাল শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের বলেন, ‘এটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠান ছিল। এতে সরকারের কোনো ভূমিকা ছিল না। বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিষয়ে সেখানে যা বলা হয়েছে, তার কোনো কিছুই ভারত সরকার অনুমোদন করে না।’
আগের দিনও এ বিষয়ে প্রশ্নের জবাবে জয়সোয়াল একই কথা বলেছিলেন। গতকাল তিনি ওই বক্তব্যের সঙ্গে যোগ করেন, ‘বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে, ভারত সরকার তা অনুমোদন (এনডোর্স) করে না।’ একই কথা তিনি ইংরেজির পর হিন্দিতেও বলেছেন। 

নয়াদিল্লির ওই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, বাংলাদেশ দ্রুত আরেকটা পাকিস্তান হতে চলেছে। আজকের ব্রিফিংয়ে তাঁর সেই বক্তব্য উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, ওই অভিযোগ ভারত অনুমোদন করে কিনা এবং বাংলাদেশের অবস্থা ভারতের কাছে কতটা উদ্বেগের। 

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘প্রতিবেশী দেশের যে কোনো ঘটনা বা গতিবিধির ওপর সর্বদা তীক্ষ্ণ নজর রাখা হয়। ভারত তার রাষ্ট্রীয় সুরক্ষার প্রতি বিশেষ দৃষ্টি দেয়। যে কোনো ঘটনা বা পরিস্থিতি অনুযায়ী উচিত পদক্ষেপ নেয়।’ সজীব ওয়াজেদের অভিযোগ অনুমোদন বা সমর্থন করা বা না করা নিয়ে জয়সোয়াল কোনো মন্তব্য করেননি। 

এদিকে, শেখ হাসিনার ওই বক্তব্যের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার অভিযোগ, ভারতের মাটিতে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ ও দেশের জনগণের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। এ ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা বলেও উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত-বাংলাদেশের সম্পর্ক সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে গড়ে তোলার বিষয়ে ঢাকা আগ্রহী। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও নয়াদিল্লির কাছ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। 

 

আরও পড়ুন

×