ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, দখল অব্যাহত

পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, দখল অব্যাহত
×

ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১২:৫৫

অধিকৃত পশ্চিম তীরজুড়ে সামরিক বাহিনীর অভিযান জোরদার করেছে ইসরায়েল। একই সঙ্গে বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের ওপর অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং জমি দখলের খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরসহ পশ্চিম তীরের বিভিন্ন স্থানে নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক উপস্থিতি সম্পূর্ণ বেআইনি।

রামাল্লায় ফিলিস্তিনিদের জমি দখল
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে জানানো হয়েছে, রামাল্লার উত্তরের সিংজিল শহরে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি সমতল করার কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। সম্প্রতি স্থাপিত একটি অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, সিংজিলের ঘরাবা এলাকায় গত কয়েক দিন ধরে বুলডোজার দিয়ে জমি সমতল করা হচ্ছে। 

কয়েক মাস আগে ফিলিস্তিনিদের আনুমানিক দুই দশমিক ৫ একর জমিতে অননুমোদিত এই আউটপোস্টটি গড়ে তোলা হয়। স্থানীয় সূত্র জানায়, এই আউটপোস্টটি ফিলিস্তিনিদের ওপর হামলা, গবাদি পশু চুরি এবং ফসল ধ্বংসসহ বসতি স্থাপনকারীদের আক্রমণের একটি ঘাঁটিতে পরিণত হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিদের নিজেদের জমিতে চলাচলেও বাধা দেওয়া হচ্ছে।

পশ্চিম তীরে গুলি ও গ্রেপ্তার
অধিকৃত পশ্চিম তীরের অননুমোদিত ইসরায়েলি বসতি ওফারিমে অনুপ্রবেশের দায়ে এক ব্যক্তিকে গুলি ও গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে সংবাদমাধ্যম জানায়, বসতিতে প্রবেশ করা একটি সন্দেহভাজন গাড়িকে ধাওয়া করার পর সতর্কতা জারি করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তি গাড়ি থেকে নেমে এলে নিরাপত্তা বাহিনী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
বেথলেহেমে নতুন চেকপয়েন্ট

বেথলেহেমের পূর্ব ও পশ্চিম অঞ্চলের একাধিক পয়েন্টে নতুন করে সামরিক চেকপয়েন্ট বসিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে ফিলিস্তিনিদের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে। পৃথক ঘটনায় বেথলেহেমের পূর্বে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এক ফিলিস্তিনির বাড়িতে হামলা চালিয়েছে। 

আরও পড়ুন

×