৬ মাসে ৩৩২৩ ভারতীয়কে ফেরত পাঠাল কানাডা
প্রতীকী ছবি
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৮:১৭ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ১৮:৩৩
চলতি ২০২৬ সালের প্রথম ৬ মাসে কানাডা থেকে রেকর্ড ৩ হাজার ৩২৩ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো বা ডিপোর্ট করা হয়েছে। একই সময়ে এক হাজার ৫৭৩ মেক্সিকানকে ডিপোর্ট করা হয়। বিগত পাঁচ বছরের মধ্যে প্রথমবার এই তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারত। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) সরকারি পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। মূলত অভিবাসন নীতি লঙ্ঘন ও কানাডার কঠোর নীতির কারণেই এই বিপুল সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে।
সিবিএসএ-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ৩ হাজার ৭৭৯ জন ভারতীয়কে ডিপোর্ট করা হয়েছিল। আর এ বছরের প্রথম ৬ মাসেই সেই সংখ্যার প্রায় ৮৮ শতাংশে পৌঁছে গেছে। বর্তমানে আরও ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় কানাডা থেকে দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন, যা যেকোনো দেশের নাগরিকদের নিরিখে সর্বাধিক।
বিপুল সংখ্যক ভারতীয়কে ডিপোর্টের ঘটনা যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানকেও বড় ব্যবধানে ছাপিয়ে গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে এক হাজার ২৭৩ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে, যার তুলনায় কানাডার সংখ্যাটি আড়াই গুণেরও বেশি।
ভিসা জালিয়াতি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, অভিবাসন নিয়ম লঙ্ঘন এবং আশ্রয় বা রিফিউজি দাবি খারিজ হয়ে যাওয়াই মূলত ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর প্রধান কারণ। এছাড়া কানাডা বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীদের সংখ্যা কমাতে তাদের অভিবাসন নীতি ক্রমশ কড়া করছে।
কানাডা তিনটি নির্দেশের মাধ্যমে এই প্রক্রিয়া কার্যকর করে। প্রথমত ‘ডিপার্চার অর্ডার’ (৩০ দিনের মধ্যে স্বেচ্ছায় দেশ ছাড়া), দ্বিতীয়ত ‘এক্সক্লুশন অর্ডার’ (১-৫ বছরের জন্য প্রবেশ নিষিদ্ধ) এবং তৃতীয়ত ‘ডিপোর্টেশন অর্ডার’ (কানাডা সরকারের লিখিত অনুমতি ছাড়া স্থায়ীভাবে প্রবেশ নিষিদ্ধ)।