ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২
×

কলম্বিয়ার ম্যানিজালেসে ভূমিকম্পের পর ধসে পড়া একটি ভবনের চিত্র। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ০৯:৩৭

কলম্বিয়াতে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা সংখ্যা বেড়ে ১৩২-এ দাঁড়িয়েছে। এছাড়া ৫৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। কলম্বিয়ার সরকার তাদের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাতে এ দুর্যোগের সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের জনবিরল প্রদেশ চোকোর সান হোসে দেল পালমারের কাছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। উৎপত্তিস্থল থেকে কয়েকশ কিলোমিটার দূরে হলেও রাজধানী বোগোটা পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানেও মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

ভূমিকম্পের মাত্র কয়েকদিন আগেই গত শুক্রবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। দায়িত্ব নেওয়ার পর এটিই তার সরকারের প্রথম বড় ধরনের সংকট। জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রাজধানী বোগোটায় জাতীয় দুর্যোগ সংস্থার সমন্বিত কমান্ড পোস্ট থেকে তিনি কার্যক্রম পরিচালনা করবেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রও কলম্বিয়ার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

বোগোটার দক্ষিণ-পশ্চিমে কালি শহরে অন্তত ২৫টি ভবন ধসে পড়েছে। বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, রিসারালদা প্রদেশে ৬০ জন, ভায়েই দেল কাওকা প্রদেশে ২৭ থেকে ৩৫ জন, চোকো প্রদেশে ৯ জন, মানিসালেস শহরে ৩ জন, কালদাস অঞ্চলে ২ এবং অ্যানতিওকিয়া প্রদেশে ১ জন নিহত হয়েছেন। অন্যান্য স্থানের তথ্য এখনও জানা যায়নি।

কলম্বিয়ার ভূমিকম্পের কম্পন প্রতিবেশী ইকুয়েডর ও ভেনেজুয়েলাতেও অনুভূত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার তাচিরা রাজ্য ও বারকিসিমেতো শহরের বাসিন্দারা কম্পন অনুভব করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে।

আরও পড়ুন

×