আদানির বিরুদ্ধে ঘুষের সেই মামলা খারিজ করলেন মার্কিন আদালত
ভারতের শিল্পপতি গৌতম আদানি। ফাইল ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৪:০৫ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ | ১৪:৩৪
যুক্তরাষ্ট্রে ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে হওয়া জালিয়াতি ও ঘুষের মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ট্রাম্প প্রশাসন অভিযোগ প্রত্যাহারের পর স্থানীয় সময় সোমবার আদালত এই সিদ্ধান্তের কথা জানান।
আদালতের নথি অনুযায়ী, প্রসিকিউটররা গত মে মাসে মামলাটি খারিজের আবেদন করেছিলেন। সোমবার ব্রুকলিনের ফেডারেল বিচারক নিকোলাস গারাউফিস সে অনুরোধে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দেন। অর্থাৎ, মামলাটি খারিজ করেন।
২০২৪ সালে হওয়া মামলার অভিযোগে বলা হয়েছিল, লাভজনক সৌর বিদ্যুৎ সরবরাহের চুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদেরকে ঘুষ দেওয়ার জন্য ২৬৫ মিলিয়ন ডলারের একটি পরিকল্পনার সঙ্গে আদানি যুক্ত ছিলেন। খাতটিতে বিনিয়োগ করেছিলেন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীরা।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদানির পক্ষে আইনজীবী ছিলেন রবার্ট জিউফ্রা। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ব্যক্তিগত আইনজীবী। জিউফ্রা গত এপ্রিলে বিচার বিভাগের কর্মকর্তাদের বলেছিলেন, যদি অভিযোগ প্রত্যাহার করা হয়, তাহলে এই শিল্পপতি মার্কিন অর্থনীতিতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে রাজি হবেন।
বিনিয়োগের ওই প্রতিশ্রুতির কারণে মার্কিন সরকার মামলা প্রত্যাহার করছে কি না, তা নিয়ে শুরুতে প্রশ্ন তুলেছিলেন বিচারক। তবে শেষ পর্যন্ত বিচারক সিদ্ধান্তে আসেন যে, এটি প্রসিকিউশনের সিদ্ধান্ত গ্রহণের অংশ ছিল না।
মামলা খারিজ হওয়ার পর সামাজিক মাধ্যমে গৌতম আদানি লিখেছেন, তিনি মার্কিন আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। পাশাপাশি বিচার প্রক্রিয়ার প্রতি বিনয় ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছেন। আদানি আরও লিখেছেন, ‘এই কঠিন সময়ে সত্য, ন্যায় এবং আইনের শাসনের প্রতি আমাদের অটুট বিশ্বাস ছিল।’
আদানি গ্রুপ ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী। বন্দর, বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে সিমেন্ট কারখানা ও গণমাধ্যমসহ নানা খাতে তাদের ব্যবসা আছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে করপোরেট জালিয়াতির অভিযোগ ও শেয়ার বাজারে ধসের কারণে আদানি বড় ধাক্কা খেয়েছেন।
ভারতের অন্যতম ধনী এই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম সমর্থক। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ঘনিষ্ঠ মিত্র।
- বিষয় :
- গৌতম আদানি
- মামলা খারিজ
- আদালত
- যুক্তরাষ্ট্র