ফিফা থেকে ইনফান্তিনোকে সরালে ভয়াবহ ভুল হবে, হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফাইল ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৪:৩৬
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্তি ইনফান্তিনোর পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ফিফা থেকে ইনফান্তিনোকে সরানো হলে সেটি ‘ভয়াবহ ভুল’ হবে।
বিশ্বকাপের মতো আসরের একাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনার কারণে ইনফান্তিনো সমালোচনার মুখে পড়েছেন। এমন সময়ে তাঁর পাশে দাঁড়ালেন ট্রাম্প। সবশেষ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ দিয়েছিলেন ইনফান্তিনো।
স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘কোনো কারণে যদি ইনফান্তিনোকে সরানোর কথা চিন্তা করা হয়, তাহলে ফিফা ভয়াবহ ভুল করবে।’ বর্তমান সভাপতিকে ‘চমৎকার’ উল্লেখ করেন ট্রাম্প বলেন, ইনফান্তিনো সবচেয়ে সফল বিশ্বকাপ (২০২৬) পরিচালনা করেছেন। এটি আগের যেকোনো আসরের চেয়ে চারগুণ বড় ছিল।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘যদি তিনি (ইনফান্তিনো) চলে যান, তাহলে এটা (বিশ্বকাপ) আর কখনো লাভের মুখ দেখবে না!’ ইনফান্তিনোর পক্ষে ট্রাম্পের এই সমর্থন ইউএস সকারের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। মার্কিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিও সম্প্রতি ইনফান্তিনোর বিরোধিতায় সরব হয়েছে।
বৈশ্বিকভাবেও ইনফান্তিনো প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি তিনটি কনফেডারেশন একটি খোলা চিঠি প্রকাশ করে। এতে স্বাক্ষর করেছে ইউরোপের উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ এবং এশিয়ার এএফসি। তারা ফিফা প্রধানের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে আস্থা নষ্টের অভিযোগ এনেছে।