পশ্চিম তীরে অবরুদ্ধ ফিলিস্তিনি পরিবার
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ০৭:৩৩
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনী দুই ফিলিস্তিনি পরিবারকে গত রোববার থেকে অবরোধ করে রেখেছিল। সেখানে ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল তারা। একাধিক পশ্চিমা গণমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে পরিবারটির।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবর বলছে, ফিলিস্তিনের ইয়োসেফ হাসানের পরিবার গত রোববার বিকেল থেকে তাঁর স্ত্রী ও দুই মেয়ে নিয়ে বাড়ির ভেতরে আটকা পড়েন। ইসরায়েলিরা ওই বাড়ির সামনেই তাঁবু গেড়ে বসে।তারা ঠিক যে স্থানটিতে তাঁবু গেড়ে বসে, এর খুব কাছেই গত মার্চে ২৮ বছর বয়সী ফিলিস্তিনি বাসিন্দা আমির মোয়াতাসেম ওদেহকে হত্যা করেছিল অবৈধ বসতি স্থাপনকারীরা। ওই হত্যাকাণ্ডের জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি এখনও।
ইয়োসেফ হাসান বলেন, ‘প্রতি রাতে অবৈধ বসতি স্থাপনকারীরা পাথর ছুড়ছে, অশালীন ভাষা ব্যবহার ও চিৎকার করছে। আমরা আতঙ্কের মধ্যে আছি।’ তিনি আরও জানান, তাঁর মা, ভাইবোন ও তিন প্রতিবেশীকেও ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং তাদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের খবর বলছে, এমনভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, চিকিৎসাসেবা পাওয়ারও সুযোগ ছিল না তাদের। গত সোমবার ইয়োসেফের দুই বছর বয়সী ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়ে। সেই সময় অ্যাম্বুলেন্স ডাকা হলেও অবৈধ বসতি স্থাপনকারীরা সেটিকে প্রবেশ করতে দেয়নি। পরে গত মঙ্গলবার মা ও দুই মেয়েকে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয় অন্যান্যরা।
ইয়োসেফ জানান, তাদের বাড়িতে খাবার ও পানির সংকট রয়েছে। তাঁর মেয়েকে নিতে আসা অ্যাম্বুলেন্স যেটুকু পানি ও জুস দিয়ে গেছে, সেটি দিয়েই এখন চলছেন তারা। তাঁর ভাষায়, পরিস্থিতি অত্যন্ত প্রতিকূল।
গত বুধবার ওই অঞ্চলের ইসরায়েলি বাহিনীর কমান্ডার জেনারেল আভি ব্লাথ জানান, তিনি ওই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং অবরোধ তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ইয়োসেফের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
তবে সেনারা তাঁবু সরালেও বিছানা ও অন্যান্য জিনিসপত্র আগের মতোই রয়েছে। অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে স্বল্প সময়ের জন্য সংঘাত হয়েছে বলেও জানা গেছে। ইসরায়েলের জন্য এই বিষয়গুলো আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে। দেশটির কট্টর ডান মন্ত্রীদের মদদে পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে অবৈধ বসতি স্থাপনকারীদের নিপীড়নের মুখে পড়তে হচ্ছে ফিলিস্তিনিদের।
- বিষয় :
- ইসরায়েল
- পশ্চিম তীর