পাইলটদের অবস্থা জানতে কাতারে অনুসন্ধান চালাতে চায় ইরান
কাতার ও ইরানের জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত
রয়টার্স
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৮:৪৪
আটক হওয়া তিন পাইলটের বর্তমান অবস্থা জানতে কাতারে অনুসন্ধান চালাতে চায় ইরান। এজন্য তারা সেখানে একটি প্রতিনিধি দল পাঠাবে। তবে এই দলের সদস্যদের কাতারে প্রবেশের জন্য দোহার অনুমতি চেয়েছে তেহরান।
রোববার ইরানি গণমাধ্যমের বরাতে এমন তথ্য জানা গেছে। তবে কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো ইরানি পাইলটকে আটক করেনি।
শনিবার দোহা জানিয়েছিল, গত মার্চ মাসে ইরানের কয়েকটি যুদ্ধবিমান কাতারের আকাশসীমা লঙ্ঘন করে। তখন পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেয়নি। পরে একটি বিমান বিধ্বস্ত হয়। উদ্ধারকারী দল সেখানে একজন পাইলটের মরদেহ পেয়েছে।
কাতার আরও জানায়, ওই পাইলটের মরদেহ হস্তান্তর ও উদ্ধার অভিযানের তথ্য যাচাইয়ের জন্য তেহরানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তখন তারা জবাব দেয়নি।
ইরানের বার্তা সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, কাতারের বিরুদ্ধে পাইলটদের ফেরত দেওয়া নিয়ে বারবার বাধা সৃষ্টির অভিযোগ তুলেছেন সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ। তিনি জানিয়েছেন, ইরানি বিমানবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কাতারে প্রবেশের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে।
এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে (আইসিআরসি) আহ্বান জানিয়েছেন বাকেরজাদেহ। তাঁর দাবি, কুয়েতও চার নাগরিকের বর্তমান অবস্থা সম্পর্কিত তথ্য গোপন করছে।