গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত: মিসরে হামাস নেতা
যুদ্ধবিরতির পর থেকে ১২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন
হামাসের রাজনৈতিক নেতা ও মুখ্য আলোচক খলিল আল-হায়া। ফাইল ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ২৩:১১
গাজায় গত শনিবারও ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন দুই ফিলিস্তিনি। আহত হয়েছেন ১৪ জন। এসবের মধ্যেই হামাসের রাজনৈতিক নেতা ও মুখ্য আলোচক খলিল আল-হায়া মিসরের কায়রোতে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন।
কায়রোতে মিসরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আল-হায়া। আগামী সপ্তাহে মার্কিন প্রতিনিধি দলও মিসর সফর করবেন। সেই দলে থাকছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
গত জুলাইয়ে হামাসের শাসনভার হাতে নেন আল-হায়া। এবারই প্রথম তিনি অন্য রাষ্ট্রে সফর করছেন। তাঁর সঙ্গে মিসরীয় গোয়েন্দাপ্রধান হাসান রাশাদের দেখা হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা এএফপি ও আনাদোলু নিউজ এজেন্সিকে তথ্যটি জানিয়েছে হামাসের এক সূত্র।
একাধিক সংবাদমাধ্যমের খবর বলছে, আগামী সপ্তাহে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইসরায়েল ও মিসরে সফর করবেন। চেষ্টা করবেন গাজা পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি সমঝোতায় আসতে। এর আগে গাজার বোর্ড অব পিস যে শান্তি পরিকল্পনার ঘোষণা দিয়েছিল, তাতে হামাসের নিরস্ত্রীকরণ ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা সরে যাওয়ার বিষয়টি ছিল। তবে কোনো পক্ষই আগে পদক্ষেপ নিতে চাচ্ছে না।
নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে গত রোববার ট্রাম্পের তৈরি বোর্ড অব পিসের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, ইসরায়েলি বাহিনী সেখান থেকে সেনা সরিয়ে আনবে না, যতক্ষণ না হামাসের নিরস্ত্রীকরণ সম্পন্ন হয়।
গাজায় গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর তাণ্ডবে এক হাজার ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে হিসাব করলে অবরুদ্ধ উপত্যকাটিতে মোট প্রাণ হারিয়েছেন ৭৩ হাজার ৩০০ জন।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ চলতি সপ্তাহে বলেছেন, গাজা বাদেও লেবানন ও সিরিয়াতে অধিকৃত সুরক্ষা অঞ্চলগুলোতে ইসরায়েলি সেনারা অবস্থান করবে। তিনি আরও জানান, তিন ফ্রন্টজুড়েই ইসরায়েলি সামরিক বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে।
- বিষয় :
- হামাস