এবার রাশিয়া সফরে মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং
জান্তা প্রধান থাকতেও রাশিয়া সফর করেছিলেন মিন অং হ্লাইং। বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ২০২৫ সালের মার্চে। ছবি: ক্রেমলিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১৩:৫৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ | ১৪:০৪
ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। সোমবার তিনি মস্কোর উদ্দেশে রওনা দিয়েছেন। বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার পর এটাই মিন অংয়ের প্রথম রাশিয়া সফর।
সামরিক অভ্যুত্থানের পর যে কয়টি দেশ নেপিডোর পাশে ছিল, রাশিয়া তাদের মধ্যে অন্যতম। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমা দেশ ও গণতন্ত্র পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর প্রত্যাখ্যান করা নির্বাচনের পর জান্তা প্রধান থেকে বেসামরিক প্রেসিডেন্ট হয়েছেন মিন অং।
রাশিয়া সফরে মিনের লক্ষ্য হলো দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করা এবং কৌশলগত সহযোগিতা বাড়ানো। অর্থনৈতিক চাপে থাকা দেশটি এ খাতে সহযোগিতাও জোরদার করতে চাইবে। গত ফেব্রুয়ারিতে মস্কো-নেপিডো পাঁচ বছরের একটি সামরিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছিল। কিন্তু তখন সেটির বিস্তারিত প্রকাশ করা হয়নি।
মস্কো সফরের আগে চীন, ভারত ও থাইল্যান্ডে গিয়েছিলেন মিন অং হ্লাইং। এর মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটানোর চেষ্টা করছেন।
রাশিয়ার মিত্র দেশ চীন সফরের সময়ও মিন অং হ্লাইং বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক জোরদারের চেষ্টা করেন। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধে চীন অন্যতম প্রধান মধ্যস্থতাকারী দেশ। নিজেদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের ওপর ভিত্তি করে বেইজিং কখনও সামরিক জান্তা, কখনও বিদ্রোহী গোষ্ঠী কিংবা উভয়পক্ষের মধ্যে যুদ্ধবিরতিকে সমর্থন দিয়ে আসছে।
- বিষয় :
- মিয়ানমার
- রাশিয়া
- মিন অং লাইং
- ভ্লাদিমির পুতিন