ইসরায়েলে দেশত্যাগের সুনামি, নেতানিয়াহুকে দুষছেন ধনীরা
বহির্গমন বোর্ডে ফ্লাইট ছাড়ার সূচি দেখেন যাত্রীরা। গত ৮ জুন, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে। ছবি: সংগৃহীত
আল জাজিরা
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ১৬:৪৮
চলতি বছরের শেষ দিকে ইসরায়েলে জাতীয় নির্বাচন। এর আগে উল্লেখযোগ্য সংখ্যক নাগরিকের দেশত্যাগের পরিসংখ্যান প্রকাশ করেছে তেল আবিব বিশ্ববিদ্যালয়। এসব নাগরিকের অধিকাংশই উচ্চশিক্ষিত ও ধনী শ্রেণির।
কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যের বরাত দিয়ে চলতি মাসে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার ইসরায়েলি দেশ ছেড়েছেন। এর মধ্যে ২০২৩ সালে ৮৬ হাজার ৫০০, পরের বছর ৯১ হাজার ৫০০ এবং গত বছর প্রায় একই সংখ্যক নাগরিক দেশ ছাড়েন।
দেশত্যাগের ক্রমবর্ধমান এই প্রবণতা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন পার্লামেন্টের অভিবাসন বিষয়ক কমিটির প্রধান ও বিরোধী দলের নেতা গিলাদ কারিভ। তিনি বলেছেন, ইসরায়েল বর্তমানে দেশত্যাগের ‘সুনামি’র মুখোমুখি হয়েছে। কিন্তু সংকট সমাধানে সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না।
এদিকে দেশত্যাগের কারণ সম্পর্কে জানা যায় ইসরায়েলি কর কর্তৃপক্ষের প্রকাশিত একটি গবেষণায়। চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত গবেষণাটি তৈরি হয়েছে বেশ কিছু প্রতিবেদনের ওপর ভিত্তি করে। এসব প্রতিবেদন ইঙ্গিত দেয়, সরকার যত বেশি ডানপন্থার দিকে ঝুঁকছে, তত বেশি উচ্চশিক্ষিত ও ধনী ইসরায়েলিরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তাদের মতে, চিরচেনা সেই ইসরায়েল আগের মতো নেই।
নিজেদের উদারপন্থী হিসেবে পরিচয় দেওয়া অনেক ইসরায়েলি মনে করেন, বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার দেশকে কট্টর করে তুলেছে। বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতাও ক্ষুণ্ন করেছে।
- বিষয় :
- দেশত্যাগ
- ধনী মানুষ
- ইসরায়েল
- বেনিয়ামিন নেতানিয়াহু