ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ফ্রান্সে নির্বাচন

একইসঙ্গে মা আর প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তন্দলিয়ে

একইসঙ্গে মা আর প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তন্দলিয়ে
×

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে প্রচার চালাচ্ছেন গ্রিনস দলের মেরিন তন্দলিয়ে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ১৪:০৯

ফ্রান্সের ‘গ্রিনস’ দলের নেতা মেরিন তন্দলিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চালাচ্ছেন। দেশটির ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। এর মধ্য দিয়ে রাজনীতিতে বন্ধ্যত্ব ও মাতৃত্বের বিষয় নতুন করে আলোচনায় এসেছে।

বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর উত্তরসূরি হওয়ার জন্য লড়ছেন ৩৯ বছর বয়সী তন্দলিয়ে। গত মার্চ মাসের শেষ দিকে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান। তখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন (বর্তমানে প্রায় ৮ মাস)। একইসঙ্গে এই সন্তানকে তিনি ‘অলৌকিক শিশু’ বলে অভিহিত করেন। 

কারণ, এর আগে তন্দলিয়ের গর্ভপাত হয়েছিল। এরপর সহায়ক প্রজনন পদ্ধতি ও ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)- এর মাধ্যমে কয়েকবার সন্তান নেওয়ার চেষ্টা করেও সফল হননি। 

কয়েকবার ব্যর্থ হওয়ার পর মা হওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তন্দলিয়ে। এরমধ্যেই তিনি অন্তঃসত্ত্বা হন। বামপন্থী এই প্রার্থী বলেন, খবরটি জানার পর হতবিহ্বল হয়ে পড়েছিলেন। যখন প্রেসিডেন্ট পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন তখনই পেটে সন্তান আসার খবর পান। 

নতুন করে মা হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নির্বাচনী প্রচার চালিয়ে যেতে চান তন্দলিয়ে। বলেছেন, প্রচার চালিয়ে যাওয়ার বিষয়ে তাঁর মনে কখনোই কোনো দ্বিধা ছিল না।

নির্বাচনী প্রচারের এমন এক গুরুত্বপূর্ণ সময়ে তন্দলিয়ে মা হওয়ার দৌড়ে নেমেছেন, যখন বাম, মধ্যপন্থী ও ডানপন্থী প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে প্রতিযোগিতায় ব্যস্ত। তিনি জানান, গর্ভবতী অবস্থায় প্রচার চালানো ‘সত্যিই বড় চ্যালেঞ্জ’। গত জুলাইয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাপপ্রবাহের মধ্যেও ফ্রান্সজুড়ে ঘুরে বেড়িয়েছেন।

নির্বাচনে বামপন্থী ও গ্রিন পার্টির একটি জোট গড়ার পক্ষে অবস্থান নিয়েছেন তন্দলিয়ে। তবে বামপন্থীরা শেষ পর্যন্ত কতজন প্রার্থী দেবে, তা এখনও স্পষ্ট নয়। জনমত জরিপ অনুযায়ী, প্রার্থী হতে তন্দলিয়ের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে। 

লা ত্রিবিউন দিমঁশ পত্রিকাকে তন্দলিয়ে বলেছেন, যতক্ষণ যুক্তিসংগত মনে হবে ততক্ষণ তিনি প্রচার চালিয়ে যাবেন। তাঁর প্রার্থিতা নারীদের স্বাস্থ্যসংক্রান্ত বিষয়গুলো সামনে আনার একটি সুযোগ তৈরি করেছে। এর মধ্যে প্রজনন স্বাস্থ্য এবং বন্ধ্যত্বের সঙ্গে নারীদের লড়াইয়ের বিষয়ও আছে।

আরও পড়ুন

×