মার্কিন নিষেধাজ্ঞায় যোগ দিলে যেকোনো দেশকে শত্রু বিবেচনা করা হবে: ইরান
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান মোহসেন রেজাই। ফাইল ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১২:৫২
যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ না নেওয়ার জন্য দেশগুলোকে সতর্ক করেছে ইরান। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান মোহসেন রেজাই বলেছেন, ‘আমাদের ওপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপে যেসব দেশ অংশ নেবে, তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।’
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার রেজাইয়ের এই বার্তা প্রচার করা হয়। তেহরানকে আর্থিক চাপে ফেলে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে চাইছে। এ জন্য মিত্র দেশগুলোকেও অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতে রেজাই এমন হুঁশিয়ারি দিলেন।
মোহসেন রেজাই বলেন, ‘সব দেশগুলোর উদ্দেশে বলছি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে অংশ দেবেন না।’ সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছে থেকে দূরে সরে না এলে তাদের স্বার্থে আঘাত করা হবে বলে সতর্ক করেন রেজাই। বলেন, চলমান যুদ্ধে পদক্ষেপ নেওয়ার মতো আরও অনেক সুযোগ আছে ইরানের হাতে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আরও বলেন, এখন পর্যন্ত তারা শুধু সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। কিন্তু যদি আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে আশপাশের তেল ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে। ট্রাম্প পদক্ষেপ নিলে এই সংঘাত হবে ভূমিকম্পের মতো।
তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দিতে চীনকেও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বেইজিং এ উদ্যোগের সমালোচনা করে বলেছে, এটি কোনো সমাধান বয়ে আনবে না।
অপরদিকে অন্যতম বড় বাণিজ্য অংশীদার সংযুক্ত আরব আমিরাত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
- বিষয় :
- অর্থনীতি
- নিষেধাজ্ঞা
- ইরান
- যুক্তরাষ্ট্র
- হুঁশিয়ারি