যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র চারদিন অচল করে দিয়েছিল ইরানি হ্যাকাররা
সাইবার হামলার প্রতীকী ছবি
দ্য টেলিগ্রাফ
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৩:৩১ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ১৩:৪১
ইরান সংশ্লিষ্ট হ্যাকাররা যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র চারদিনের জন্য বন্ধ করে দিয়েছিল। এটি একটি নজিরবিহীন ঘটনা। কোনো ব্রিটিশ স্থাপনা বন্ধ করার ক্ষেত্রে ইরানি হ্যাকারদের সফল হওয়ার ঘটনা এটিই প্রথম।
রোববার টেলিগ্রাফ জানতে পেরেছে, গত মাসে যুক্তরাষ্ট্রের পানি অবকাঠামোতে ধারাবাহিক হামলা হয়। প্রায় ১২টি অঙ্গরাজ্যে এমন হামলার ঘটনায় হোয়াইট হাউসে উদ্বেগ তৈরি হয়েছিল। ওই সময়ই যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র সাইবার হামলার মুখে পড়ে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ব্রিটিশ কর্মকর্তারা বিদ্যুৎকেন্দ্রটির নামসহ বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি। তবে জানা গেছে, কর্মীরা কেন্দ্রটি আবার চালু করার সময় সেটি চারদিন অচল ছিল। কেন্দ্রটি তুলনামূলক ছোট হওয়ায় যুক্তরাজ্যের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি।
সাইবার হামলার পর বিদ্যুৎ কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদেরকে ঘটনা সম্পর্কে অবগত করেছিল ব্রিটিশ সরকার। পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে পরবর্তী পদক্ষেপ সংক্রান্ত নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
ইরান ছাড়াও চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার হ্যাকারদের হামলার ঝুঁকির বিষয়ে বারবার সতর্ক করছে ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এসব হ্যাকাররা প্রায়ই গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো ও সরকারি সংস্থাগুলো লক্ষ্য করে সাইবার হামলা চালায়।