রাগ দেখালে কনটেন্ট বানাবে: জেন-জি সামলাতে দিল্লি পুলিশকে বিশেষ নির্দেশনা
পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে মোবাইল ফোনে ভিডিও করে বিক্ষোভকারীরা। গত ২০ জুলাই দিল্লিতে। ছবি: হিন্দুস্থান টাইমস
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৯:৩৭
‘আপনার রাগান্বিত মুখটাই তাদের কনটেন্ট। তারা এমন ভিডিও বানায়, যেখানে আপনাকে ভিলেন হিসেবে তুলে ধরা হয়। তাই এমন ভূমিকায় অভিনয় না করাই ভালো।’ ভারতের নতুন প্রজন্মের বিক্ষোভকারীদের সামলাতে দিল্লি পুলিশকে সম্প্রতি এমন বার্তার একটি নির্দেশনা দেওয়া হয়েছে।
কেবল আন্দোলন মোকাবিলা নয়, ওই সময় কী করা যাবে না- সে নির্দেশনাও দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘বিক্ষোভকারীরা কান্নাকাটি করতে পারে। পুলিশের পায়ে পড়ে সহানুভূতি বা ক্ষোভ তৈরির মতো কথা বলতে পারে। ওই সময় তর্কে জড়াবেন না। প্রয়োজন হলে শুধু বলবেন, আমরা দায়িত্ব পালন করছি। দয়া করে সহযোগিতা করুন।’
বিক্ষোভকারীদের হাতে সবসময় ক্যামেরা থাকে বলেও সতর্ক করা হয়েছে ওই বার্তায়। যন্তর মন্তর আন্দোলনে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হওয়ায় চলতি মাসের শুরুতে নির্দেশনাটি পাঠায় কেন্দ্রীয় সংস্থাগুলো। এটি দিল্লি পুলিশের ১৫টি জেলার পাশাপাশি রেলওয়ে ও মেট্রো ইউনিটের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, বর্তমান প্রজন্মের বিক্ষোভকারীরা, বিশেষ করে ১৮ থেকে ২৮ বছর বয়সীরা প্রচলিত পদ্ধতিতে পুলিশকে উসকে নাও দিতে পারে। বরং তারা পুলিশের কাছে থেকে রাগের প্রতিক্রিয়া বের করে আনতে চাইবে। এরপর রিল বা মিম হিসেবে কনটেন্ট বানাবে।
কেন্দ্রীয় সংস্থাগুলোর নির্দেশনায় নারী বিক্ষোভকারীদেরকে স্পর্শ না করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদেরকে সামলানোর দায়িত্ব থাকবে নারী পুলিশ সদস্যদের ওপর।
পুলিশ সদস্যদের শান্ত থাকা, সংযম দেখানো এবং ইতিবাচক আচরণের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে বলা হয়েছে। বিক্ষোভকারীরা মুখের কাছে মোবাইল ফোন ধরে ব্যক্তিগত বা আবেগঘন প্রশ্ন করতে পারে। যেমন- ‘আপনি কি গর্বিত?’, ‘রাতে কীভাবে ঘুমান?’ কিংবা ‘আপনার সন্তানদের কী বলবেন?’
এসব ক্ষেত্রে পুলিশ সদস্যদেরকে সরাসরি সামনের দিকে তাকিয়ে থাকতে বলা হয়েছে ওই নির্দেশনায়।