ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালে ভিয়েতনামের অর্থনীতি বাড়তে পারে ১১ শতাংশ

২০২৭ সালে ভিয়েতনামের অর্থনীতি বাড়তে পারে ১১ শতাংশ
×

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ভিয়েতনামের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১৫:২০

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠানের পূর্বাভাসে ভিয়েতনামের অর্থনীতি নিয়ে আশাবাদী চিত্র উঠে এসেছে। দেশটির অর্থনীতি ২০২৬ সালে ৯ দশমিক ৫ শতাংশ এবং ২০২৭ সালে ১১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে ভিয়েতনামের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর আগে প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ৭ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ।

শিল্প ও নির্মাণ খাত প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রেখেছে। পাশাপাশি উৎপাদন খাতে পুনরুদ্ধার এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিও অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে।

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ডিএফডিএলের কর্মকর্তা স্ট্যান্ড্রে বেজুইডেনহাউট এএফপিকে বলেন, ভূরাজনৈতিক পরিবর্তন ও সরবরাহব্যবস্থার পরিবর্তনকে বিনিয়োগ আকর্ষণের সুযোগে পরিণত করার সক্ষমতা দেখিয়েছে ভিয়েতনাম। দেশটি উৎপাদন কার্যক্রমে বিনিয়োগ টানছে, বাণিজ্যিক সংযোগ বাড়াচ্ছে এবং বিনিয়োগের জন্য নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করছে।

বাণিজ্য ও বিদেশি বিনিয়োগেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। এএফপির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভিয়েতনামের রপ্তানি দাঁড়িয়েছে ২৬৬ দশমিক ৫২ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। একই সময়ে বিদেশি বিনিয়োগ বেড়েছে ৬১ শতাংশ, যার পরিমাণ ৩৪ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।

সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ডের একটি প্রতিবেদন উদ্ধৃত করে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ২০২৬ সালে ভিয়েতনামের জিডিপি ৯ দশমিক ৫ শতাংশ এবং ২০২৭ সালে ১১ শতাংশ বাড়তে পারে। একই সঙ্গে ভিয়েতনামে ২০২৬ সালের মূল্যস্ফীতির পূর্বাভাস কমিয়ে ৪ দশমিক ৪ শতাংশ করেছে ব্যাংকটি। তাদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই দেশটির মুদ্রানীতি প্রবৃদ্ধিকে সহায়তা করতে পারে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের থাইল্যান্ড ও ভিয়েতনামবিষয়ক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ টিম লিলাহাপান বলেন, ২০২৬ সালের প্রথমার্ধে ভিয়েতনামের অর্থনীতি শক্তিশালী স্থিতিস্থাপকতা দেখিয়েছে। উৎপাদন, সেবা ও বিনিয়োগ ছিল প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি। অর্থনৈতিক সম্প্রসারণে সহায়ক বিভিন্ন সরকারি নীতিও এতে ভূমিকা রেখেছে।

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকলেও ২০২৬ সালের শেষ ভাগে ভিয়েতনাম শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করেন লিলাহাপান। শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা, অবকাঠামো ও উৎপাদন সক্ষমতায় অব্যাহত বিনিয়োগ এবং চলমান অর্থনৈতিক রূপান্তর দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে তিনি মনে করেন। সূত্র- ভিয়েতনাম প্লাস

আরও পড়ুন

×