ইরান যুদ্ধ
বিশ্বে পেট্রলের দাম বেশি বেড়েছে মিয়ানমারে, কম রাশিয়ায়, বাংলাদেশে কত?
ইরান যুদ্ধের কারণে বিভিন্ন দেশে পেট্রলের দাম বৃদ্ধির তুলনা প্রকাশ করেছে গ্লোবাল পেট্রল প্রাইস। ফাইল ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১৭:১৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ | ১৭:৩০
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছিল ৬ মাস আগে। হরমুজ প্রণালি বন্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় এ সময়ে বিশ্বের ১৪৫টি দেশে জ্বালানির দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে মিয়ানমারে। এ তালিকার প্রথম ৬০টির মধ্যে নেই বাংলাদেশ।
বিশ্বব্যাপী খুচরা বাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রবণতা শনাক্তের কাজ করে ‘গ্লোবাল পেট্রল প্রাইস’ নামের একটি ওয়েবসাইট। তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত সময়ে মিয়ানমারে পেট্রলের দাম বেড়েছে ৫৫ দশমিক ৫ শতাংশ।
ফেব্রুয়ারির ওই তারিখে মিয়ানমারের নাগরিকদের প্রতি লিটার পেট্রল কিনতে খরচ হয়েছিল শূন্য দশমিক ৭৭ ডলার। চলতি মাসের ১৭ তারিখে তারা পেট্রল কিনেছেন ১ দশমিক ২০ ডলারে। তালিকায় এরপরই আছে ভুটান। দেশটিতে পেট্রলের দাম বেড়েছে ৫৫ দশমিক ০২ শতাংশ।
শতাংশের হিসাবে দাম বৃদ্ধির শীর্ষ ১০টি দেশের মধ্যে এরপর আছে যথাক্রমে- কিউবা, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, রুয়ান্ডা, পানামা, কাজাখস্তান, প্যারাগুয়ে ও সিরিয়া। এগুলোতে দাম বৃদ্ধির প্রবণতা প্রায় ৪০ থেকে ৫৬ শতাংশের মধ্যে। একাদশ থেকে ২০তম-এর তালিকায় চারটি দেশ এশিয়া মহাদেশের। সেগুলোতে দাম বেড়েছে ৩৫ থেকে ৩৮ শতাংশের মধ্যে।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফেব্রুয়ারি মাসে দেশগুলোতে পেট্রলের মূল্য একই রকম ছিল না। যেমন, ২৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় প্রতি লিটারের দাম ছিল শূন্য দশমিক ৬৫ ডলার। ১৭ আগস্ট বিক্রি হয়েছে শূন্য দশমিক ৮৯ ডলারে। বেড়েছে ৩৬ দশমিক ৮১ শতাংশ। আবার শ্রীলঙ্কায় ফেব্রুয়ারিতে দাম ছিল ১ দশমিক ০৯ ডলার। চলতি মাসে বিক্রি হয়েছে ১ দশমিক ৪৯ ডলারে। বেড়েছে ৩৫ দশমিক ৮৮ শতাংশ।
তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ২৪তম। প্রতি লিটার শূন্য দশমিক ৮৭ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১ দশমিক ১৬ ডলারে। পাকিস্তানের অবস্থান ৩৩তম। ইসরায়েল আছে ৬৩তম স্থানে। দেশটিতে ফেব্রুয়ারিতে দাম ছিল ২.২৯ ডলার। ১৭ আগস্ট বিক্রি হয়েছে ২.৭৮ ডলারে।
৬৬তম অবস্থানে থাকা বাংলাদেশে গত ২৩ ফেব্রুয়ারি পেট্রলের দাম ছিল শূন্য দশমিক ৯৮ ডলার (প্রায় ১২০ টাকা)। ১৭ আগস্ট বিক্রি হয়েছে ১ দশমিক ৮৯ ডলারে। বেড়েছে ২১ দশমিক ০৮ শতাংশ।
উল্লেখযোগ্য বাকি দেশগুলোর মধ্যে চীনে ১৪.৭১, জাপানে ৭.৩৬, ভারতে ১.৮৯ এবং সৌদি আরবে শূন্য দশমিক ১৬ শতাংশ দাম বেড়েছে।
শতাংশের হিসাবে ১৪৫টি দেশের মধ্যে সবচেয়ে কম দাম বেড়েছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে- শূন্য দশমিক ৯ শতাংশ। ফেব্রুয়ারিতে দেশটির বাসিন্দারা প্রতি লিটার পেট্রল কিনেছেন ১.১৪২ ডলারে। ১৭ আগস্ট দাম ছিল ১.১৪৩ ডলার। এরপর আছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত দেশটিতে দাম বেড়েছে শূন্য দশমিক ১১ শতাংশ।
- বিষয় :
- পেট্রল
- দাম বৃদ্ধি
- ইরান যুদ্ধ
- এশিয়া
- বাংলাদেশ