ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রাশিয়ায় গোপন সফরে সিআইএ প্রধান র‌্যাটক্লিফ

সিবিএস নিউজের প্রতিবেদন

রাশিয়ায় গোপন সফরে সিআইএ প্রধান র‌্যাটক্লিফ
×

সিআইএ প্রধান জন র‌্যাটক্লিফ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৩:১৮

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‌্যাটক্লিফ রাশিয়া সফরে গেছেন। মস্কোর একটি বিমানবন্দরে মার্কিন বিমানবাহিনীর উড়োজাহাজ ও কূটনীতিকদের বহর দেখার পর তাঁর এই সফরের খবর সামনে আসে। তবে বিষয়টি নিয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

র‌্যাটক্লিফের সফরটি সম্পর্কে অবগত সূত্র মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে তথ্যটি নিশ্চিত করেছে। কর্মকর্তাদের পরিচয় ও সফরের উদ্দেশ্য সম্পর্কে মস্কো কিংবা ওয়াশিংটন- কেউই মন্তব্য করেনি। সিআইএর পক্ষ থেকেও মন্তব্য পাওয়া যায়নি। 

সম্প্রতি বিভিন্ন মাধ্যমে মস্কোর বিমানবন্দরে মার্কিন বোয়িং সি-১৭এ গ্লোবমাস্টার থ্রি পরিবহন বিমান অবস্থানের একটি ছবি ছড়ায়। সিবিএস লিখেছে, সিআইএ পরিচালক হিসেবে র‌্যাটক্লিফের এটাই প্রথম রাশিয়া সফর বলে মনে হচ্ছে। রুশ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ আছে।

সিবিএসকে সূত্রটি জানায়, র‌্যাটক্লিফের সফরের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছিল, একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মস্কো যাবে। দলটি রওনা হওয়ার আগ পর্যন্ত হামলা স্থগিত রাখতে ইউক্রেনকে অনুরোধ করা হয়েছিল।

সিবিএস নিউজে প্রকাশিত প্রতিবেদন।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, কোনো ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হিসাব-নিকাশ বদলে যেতে পারে। তিনি ন্যাটোভুক্ত দেশের বিরুদ্ধে উসকানিমূলক পদক্ষেপের অনুমতি দিতে পারেন। এর মধ্যে থাকতে পারে হাইব্রিড ও দায় অস্বীকারের সুযোগ আছে- এমন সামরিক অভিযান। এই পদক্ষেপের সম্ভাব্য উদ্দেশ্য হতে পারে জোট ও ট্রাম্প প্রশাসনের দৃঢ়তা যাচাই করা।

এ ধরনের গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে র‌্যাটক্লিফ মস্কো সফরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের মতো ঘটনায় সিআইএর ভূমিকা আছে। তাদের মধ্যস্থতায় গত বছরের এপ্রিলে মার্কিন-রুশ দ্বৈত নাগরিক কেসনিয়া কারেলিনার মুক্তি পান। তাঁর মুক্তির বিষয়ে র‌্যাটক্লিফ নিজে আলোচনা করেছিলেন। ২০২৪ সালে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরশকোভিচ ও সাবেক মেরিন সদস্য পল হুইলানের মুক্তির ক্ষেত্রেও সংস্থাটি যুক্ত ছিল। 

সিআইএর সাবেক পরিচালক উইলিয়াম বার্নস ২০২১ সালের নভেম্বরে মস্কো সফর করেছিলেন। সে সময় তিনি রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ইউক্রেনে হামলা না চালাতে তিনি সরাসরি ভ্লাদিমির পুতিনকেও সতর্ক করেছিলেন।

আরও পড়ুন

×