চীন সীমান্তে বন্যায় নেপালে নিহত ৮, তিব্বতে অনেকে নিখোঁজ
কাদামিশ্রিত পানির প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি। বুধবার নেপালে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৬:১৯
চীন সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যার কারণে বুধবার নেপালে আটজন নিহত হয়েছেন। ভূমিধসের কারণে প্রতিবেশী তিব্বতেও বড় ধরনের হতাহতের খবর দিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম।
নেপাল পুলিশ ও এএফপির প্রকাশ করা ছবিতে দেখা যায়, নদীর প্রবল স্রোত আশপাশের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কাদামাটির মধ্যে একটি বাড়ির শুধু ওপরের তলা বেরিয়ে আছে। পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেন, এখন পর্যন্ত আটটি মরদেহ পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলছে।
প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলের উপত্যকাগুলো দিয়ে কাদামিশ্রিত পানির প্রবল স্রোত বয়ে যাচ্ছে। আবি নারায়ণ বলেন, ‘বন্যা ব্যাপক আকার ধারণ করেছে। এতে অনেক জনবসতির ক্ষতি হতে পারে। নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।’
নেপালের সেনাবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় তারা হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত সদস্যদের পাঠিয়েছে। জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ কেন্দ্রসহ প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ। বেশ কয়েকটি মহাসড়কও বন্ধ হয়ে গেছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বুধবার জানিয়েছে, নেপালের অংশে বন্যার কারণে তিব্বতের গিরং বন্দরে ব্যাপক হতাহত ও বহু মানুষ নিখোঁজ হয়েছে। আর সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। তবে এসব প্রতিবেদনে আহত বা নিহতের সংখ্যা জানানো হয়নি।