সিআইএ প্রধানের মস্কো সফরের কারণ জানাল ক্রেমলিন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফ। ফাইল ছবি: এএফপি
আরটি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ১৭:০৬
আনুষ্ঠানিকভাবে আগাম ঘোষণা ছাড়াই মঙ্গলবার রাশিয়ার মস্কোয় পৌঁছান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফ। এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার জানিয়েছেন, দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ তৈরি করাই এ সফরের উদ্দেশ্য।
ফ্লাইট ট্র্যাকারগুলোর তথ্য অনুযায়ী, মার্কিন বিমানবাহিনীর সি-১৭এ গ্লোবমাস্টার থ্রি উড়োজাহাজ গত রোববার সন্ধ্যায় জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে উড্ডয়ন করে। মঙ্গলবার সেটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরে পৌঁছায়। একইদিন মস্কোতে মার্কিন কর্মকর্তাদের একটি গাড়িবহর দেখা যায়।
র্যাটক্লিফের সফরের উদ্দেশ্য সম্পর্কে বুধবার ওয়াশিংটন পোস্টের এক প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘এটি ছিল নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগের একটি সফর।’ এ বিষয়ে তিনি আর বিস্তারিত তথ্য দেননি।
পৃথকভাবে রুশ বার্তা সংস্থা তাসকে পেসকভ বলেন, এই সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগের কোনো পরিকল্পনা ছিল না। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ আরও বলেন, ‘বৈঠকের বিষয়ে পুতিনকে জানানো হয়েছিল।’
বিশেষায়িত নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগকে ইতিবাচক ঘটনা হিসেবে উল্লেখ করেন পেসকভ। তিনি বলেন, এসব আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ককে গভীর সংকট থেকে বের করে আনার প্রক্রিয়ায় প্রভাব ফেলবে কি না, তা বলার মতো সময় এখনও আসেনি।