ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা

২৭ বছর পর মাস্টারমাইন্ড খালিদের বিচারের তারিখ নির্ধারণ

২৭ বছর পর মাস্টারমাইন্ড খালিদের বিচারের তারিখ নির্ধারণ
×

খালিদ শেখ মোহাম্মদ

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৭:২৬

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ ও তাঁর তিন সহযোগীর বিচার ২০২৮ সালের জুনে শুরু হবে। নাইন-ইলেভেন নামে পরিচিত ওই হামলার প্রায় ২৭ বছর পর তাদের বিচার শুরু হতে যাচ্ছে। 

বিবিসি জানায়, একজন সামরিক বিচারক এ রায় দিয়েছেন। সেখানে বলা হয়েছে, ২০২৮ সালের ৫ জুন খালিদ শেখ মোহাম্মদ ও তাঁর সঙ্গে অভিযুক্ত আরও তিনজনের বিচার শুরু হবে। প্রসিকিউটররা ২০২৭ সালের জানুয়ারিতে বিচার শুরুর প্রস্তাব দিয়েছিলেন। তবে মামলার বিভিন্ন আইনি ও প্রমাণসংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য আরও সময় প্রয়োজন বলে বিচারক ওই প্রস্তাব নাকচ করেন। সামরিক বিচারক বিমানবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এ. শ্রামা এক রুলে এই তারিখ নির্ধারণ করেন। তবে আইনি প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হওয়ার ওপরই এই বিচারকাজ নির্ভর করছে।

এর আগে ২০২১ সালেও একবার বিচারের তারিখ নির্ধারণ করে পরে তা বাতিল করা হয়েছিল। ছিনতাই করা বিমান দিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে আঘাত হানার মূল পরিকল্পনা ও নির্দেশনার অভিযোগ রয়েছে খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে। তাঁর সঙ্গে অভিযুক্ত অপর তিনজন হলেন ওয়ালিদ বিন আতাশ, আলী আবদুল আজিজ আলী ও মুস্তফা আল-হাওসাই। আগামী মাসে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার ২৫ বছর পূর্ণ হবে। ওই দিন ছিনতাই করা উড়োজাহাজ দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ভার্জিনিয়ার পেন্টাগনে হামলা চালানো হয়। আরেকটি ছিনতাই করা উড়োজাহাজ পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। এসব হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন। তবে কারা এই সন্ত্রাসী হামলা চালিয়েছে, সে বিষয় আজও অমীমাংসিত। এখনও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

খালিদ শেখ মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ, বাণিজ্যিক উড়োজাহাজ চালানোর জন্য পাইলটদের প্রশিক্ষণ দিয়ে সেগুলো নিয়ে হামলার পরিকল্পনা তিনিই করেছিলেন। 

আরও পড়ুন

×