ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ওআইসির মহাসচিব নির্বাচিত হলেন মৌরিতানিয়ার ইসমাইল

ওআইসির মহাসচিব নির্বাচিত হলেন মৌরিতানিয়ার ইসমাইল
×

ইসমাইল ওউল্ড শেখ আহমেদ । ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০১:২৪

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার প্রবীণ কূটনীতিক ইসমাইল ওউল্ড শেখ আহমেদ। বৃহস্পতিবার সংস্থাটির ৫৭টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে পরবর্তী মহাসচিব হিসেবে নির্বাচিত করেন। তিনি বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ আগামী ২০২৬ সালের নভেম্বরে শেষ হতে যাচ্ছে।

আন্তর্জাতিক অঙ্গনে তিন দশকের বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ইসমাইল ওল্ড শেখ আহমেদ এর আগে জাতিসংঘ এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 

ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিব হিসেবে তার মূল মেয়াদ হবে পাঁচ বছর, যা পরবর্তীতে আরও একবার নবায়নের সুযোগ রয়েছে। আগামী ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য গত ফেব্রুয়ারিতেই আফ্রিকান ইউনিয়ন উত্তর আফ্রিকা অঞ্চলের প্রতিনিধি হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছিল।

ওআইসির নিয়ম অনুযায়ী ভৌগোলিক বণ্টন, আবর্তন, সমান সুযোগের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা, সততা এবং অভিজ্ঞতা বিবেচনা করে পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল এই পদে নিয়োগ চূড়ান্ত করে থাকে। সনদে আরব, আফ্রিকান এবং এশীয় দেশগুলোর মধ্যে পদটি হস্তান্তরের কোনো নির্দিষ্ট ক্রম না থাকলেও ন্যায্য ভৌগোলিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বাছাই প্রক্রিয়া পরিচালিত হয়। এই নির্বাচনের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃসরকারি সংস্থা এবং বিশাল মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনটির নেতৃত্বভার একজন মৌরিতানিয়ান কূটনীতিকের হাতে ন্যস্ত হতে যাচ্ছে।

আরও পড়ুন

×