ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নেপালে বিপর্যয়

ধ্বংসস্তূপের নিচে তিন দিন, কান্নার শব্দ শুনে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

ধ্বংসস্তূপের নিচে তিন দিন, কান্নার শব্দ শুনে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু
×

উদ্ধারকাজের সময় নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) সদস্যরা মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৫:৩৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ১৭:৩৯

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার ধ্বংসস্তূপের নিচ থেকে তিন দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে ছয় বছরের এক শিশুকে। শুক্রবার সন্ধ্যায় উদ্ধারকারীরা কাদামাটি ও ধ্বংসাবশেষের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাসুয়া জেলার তিমুরে গ্রামে। সম্প্রতি ভোতে কোশি নদীর পানি উপচে ওই এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হন।

উদ্ধারকাজের সময় নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) সদস্যরা মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। দ্রুত সেখানে খনন শুরু করলে ধ্বংসস্তূপের নিচে শিশুটির সন্ধান পাওয়া যায়। পরে তাকে নিরাপদে বের করে আনা হয়।

প্রাথমিকভাবে তিমুরেতে এপিএফের সীমান্ত চৌকিতে শিশুটির চিকিৎসা দেওয়া হয়। তবে পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। শুক্রবার সন্ধ্যায় তাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডু নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে তা সম্ভব হয়নি।

পরে শনিবার দুপুরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে হেলিকপ্টারে করে শিশুটিকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

উদ্ধারের পর শিশুটির পরিচয় হিসেবে মানিশা মাগারের নাম জানা গেছে। তার পরিবার বা স্বজনদের সন্ধান করছে কর্তৃপক্ষ। শিশুটিকে জীবিত উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উদ্ধারকারীদের সাহস ও প্রচেষ্টার প্রশংসা করেছেন অনেকে।

এদিকে ভয়াবহ বন্যায় নেপালে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। দেশটির পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, বন্যার পর পুনর্গঠন ও পুনর্বাসনে কয়েক বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন।

নেপালে এখন পর্যন্ত বন্যায় এখন পর্যন্ত ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। সূত্র-এনডিটিভি
 

আরও পড়ুন

×