ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

পুতিনের সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে সমঝোতার প্রস্তাব ইরানের

পুতিনের সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে সমঝোতার প্রস্তাব ইরানের
×

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি/কোলাজ

এএফপি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১৩

কিরগিজস্তানের বিশবেকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর আলাদা বৈঠক করার কথা। এর আগে পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র গত জুন মাসে স্বাক্ষরিত সমঝোতায় ফিরে গেলে ইরানও একই পদক্ষেপ নেবে।

সমঝোতাটি স্বাক্ষর হয়েছিল যুদ্ধ অবসানের লক্ষ্য নিয়ে। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্য অনুযায়ী, পেজেশকিয়ান বলেন, ‘আমি স্পষ্টভাবে বলছি, যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের অধীনে নিজেদের প্রতিশ্রুতিতে ফিরে আসে তাহলে ইরানও অবিলম্বে পদক্ষেপ নেবে।’

চূড়ান্ত শান্তি আলোচনা শুরুর পথ তৈরির লক্ষ্যে ওই সমঝোতা হলেও পরে উভয়পক্ষ শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। এদিকে এক মাসের বেশি সময় ধরে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও সোমবার পাল্টাপাল্টি হামলা হয়েছে। এরপর সমঝোতা স্মারকে ফিরে যাওয়ার প্রস্তাব নিয়ে কথা বললেন পেজেশকিয়ান।

দুই দেশের মধ্যে হরমুজ প্রণালি এখনো বিবাদের কেন্দ্রে আছে। সমঝোতা অনুযায়ী গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার কথা ছিল। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও যুক্তরাষ্ট্রকে সমঝোতার প্রতিশ্রুতিতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। 

আরাঘচি বলেন, এটি হলে সবকিছু আবার সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।

সম্প্রতি রাশিয়ায় ঝটিকা সফর করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জন র‌্যাটক্লিফ। মার্কিন গণমাধ্যমগুলোতে জল্পনা চলছে, ওই সফরে ইউক্রেন ও ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এমন একটি ঘটনার পর এসসিও সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পেজেশকিয়ান।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বক্তব্য দেওয়ার সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে তেহরানের কোনো আগ্রহ ছিল না।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান আরও বলেন, ‘আমরা সমঝোতা ও বোঝাপড়ার পথে এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রেখেছি।’

আরও পড়ুন

×