ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়াকে দায়ী করল জার্মানি

লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলায় রাশিয়াকে দায়ী করল জার্মানি
×

ছবি-বিবিসি

বিবিসি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১৫ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২১

জার্মানির লিপজিগ বিমানবন্দরে গত মাসে হওয়া ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট বলেছেন, ইউরোপে ৪ আগস্টের ওই হামলা রাশিয়ার ‘হাইব্রিড অপারেশনের’ সুপরিচিত ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

৪ আগস্ট পূর্ব জার্মানির লিপজিগ বিমানবন্দরে একটি বিস্ফোরক বহনকারী ড্রোনের সন্ধান পাওয়া যায়। ড্রোনটি ইউক্রেনের কার্গো বিমানের কাছাকাছি অবস্থান করছিল। তবে ডেটোনেটর ত্রুটিপূর্ণ থাকায় বিস্ফোরণ ঘটেনি। তদন্তকারীদের ধারণা, কাছাকাছি থাকা একটি কার্গো বিমানের সঙ্গে দ্বিতীয় একটি ড্রোনের সংঘর্ষও হয়ে থাকতে পারে।

বার্লিনে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ডব্রিন্ট বলেন, ৪ আগস্টের হামলার ধরন ইউরোপে রাশিয়ার চালানো ‘হাইব্রিড অপারেশনের’ সঙ্গে মিলে যায়। জার্মানি ভবিষ্যতেও এ ধরনের হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নিরাপত্তা বিশেষজ্ঞরা এর আগে হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবে এখন পর্যন্ত মস্কো হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

লিপজিগ বিমানবন্দরটি জার্মান সামরিক বাহিনী ও ন্যাটোর মিত্রদের সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হয়। একই সঙ্গে বিমানবন্দরটি ইউক্রেনের আন্তোনভ এয়ারলাইন্সের একটি ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানটি ইউক্রেনের অধিকাংশ আকাশপথে পণ্য পরিবহন করে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ডব্রিন্টের পাশে থাকা জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল বলেন, তিনি বন শহরে অবস্থিত রুশ কনস্যুলেট বন্ধের নির্দেশ দেবেন। একই সঙ্গে বার্লিনে অবস্থিত ‘রাশিয়ান হাউস’-এর সঙ্গে চুক্তিও বাতিল করা হবে। 

 

আরও পড়ুন

×