ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২
×

বন্দুক হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। ছবি: রয়টার্স

আল–জাজিরা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:১২ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২১

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে এক বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন।

পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন বুধবার সাংবাদিকদের জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার পরপরই মিনিয়াপোলিস শহরের কেন্দ্রস্থলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। বহুতল ভবনটিতে প্রবেশের কয়েক মিনিটের মধ্যেই কর্মকর্তারা হতাহতদের খুঁজে পান। ঘটনাস্থলেই একজন নিহত হন। চারজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়।

হাসপাতালে নেওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তাদের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। হেনিপিন কাউন্টি মেডিকেল সেন্টারের তথ্য অনুযায়ী, তিন পুলিশ কর্মকর্তার অবস্থাই স্থিতিশীল।

তিনি আরও জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী ঠিক কীভাবে মারা গেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। গোলাগুলির পেছনের উদ্দেশ্য বা আহত অন্য ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কেও পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিনিয়াপোলিস কনভেনশন সেন্টারের কাছে একটি অ্যাপার্টমেন্ট ভবনের দিকে পুলিশ সদস্যরা অস্ত্র তাক করে রয়েছেন।

‘এক্স’-এ দেওয়া কয়েকটি পোস্টে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, গোলাগুলির ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে রাজ্যের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন।

ওয়ালজ বলেন, ডাউনটাউন মিনিয়াপোলিসে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে তৎপরতার সঙ্গে কাজ করছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি আহত জরুরি সেবাকর্মীদের জন্য প্রার্থনা করে।

একই দিনে দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ওয়েনসবোরো শহরের ওয়েস্টউড হিলস এলিমেন্টারি স্কুলেও গোলাগুলির ঘটনা ঘটেছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে ১৯ বছর বয়সী এক বন্দুকধারী জোরপূর্বক ওই প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে এক কর্মীকে গুলি করে আহত করার পর নিজে আত্মহত্যা করে।

এর আগে রোববার ইলিনয়ের শিকাগো এবং নিউ জার্সির ট্রেন্টন শহরে গণ-গুলিবর্ষণের ঘটনা ঘটে। কর্তৃপক্ষের তথ্যমতে, ওই ঘটনায় অন্তত তিনজন নিহত ও ১৮ জন আহত হন।

আরও পড়ুন

×