কলকাতা মেট্রোয় ধোঁয়া, যাত্রীদের মধ্যে আতঙ্ক
ছবি: ভিডিও থেকে নেওয়া
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৫৯
কলকাতার বেলগাছিয়া মেট্রো স্টেশনে অবস্থানরত মেট্রোর কামরা থেকে ধোঁয়া বের হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে মেট্রোর কামরা খালি করে যাত্রীদের নিরাপদে স্টেশন থেকে বের করে আনা হয়।
কলকাতা মেট্রো সূত্রে জানা গেছে, ব্লু লাইনের শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো বেলগাছিয়া স্টেশনে পৌঁছালে একটি কামরা থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে কামরাটি ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কিত যাত্রীরা দ্রুত মেট্রোর দরজা দিয়ে বেরিয়ে স্টেশনে নেমে আসেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে ধোঁয়া বের হওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।
ঘটনার পর দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। প্রায় দুই ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়।
মেট্রো কর্তৃপক্ষ জানায়, যে রেক থেকে ধোঁয়া বের হয়েছিল, সেটিকে নিরাপদে কারশেডে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।