বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০
ছবি: রয়টার্স
রয়টার্স
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৪২
বলিভিয়ার ভিয়াচা এলাকার একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে শুক্রবার এ বিস্ফোরণ ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে আতশবাজি বা পাইরোটেকনিক সামগ্রী মজুত রাখার একটি স্থানে বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির মজুদাগার থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
ভিয়াচার স্বাস্থ্য কর্মকর্তা রিটা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, এ ঘটনায় ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং ৬২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে তৃতীয় মাত্রার দগ্ধ এক কিশোরীও রয়েছে।
পুলিশ জানিয়েছে, ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে জানালার কাচ ভেঙে পড়ে আশপাশের বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ এবং আহতদের স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নিতে সামরিক স্থাপনাটিতে অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
নেব্রাস্কা জানান, অগ্নিনির্বাপক কর্মীরা সতর্ক করেছেন যে ঘটনাস্থলে তাপের উৎস এখনও রয়েছে। এতে আরও একটি বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
- বিষয় :
- বিস্ফোরণ
- নিহত
- আহত
- সামরিক ঘাঁটি
- বলিভিয়া