থাইল্যান্ডে নেমেই মারামারি, মার্কিন রণতরির দুই নাবিককে জাহাজে ফেরত
থাইল্যান্ডের পাতায়ায় হার্ড রক হোটেলে অবস্থানকালে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকেরা। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২৯ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৩৪
ইরান যুদ্ধে মোতায়েনসহ টানা ২৮৬ দিন সমুদ্রে থাকার পর থাইল্যান্ডের বন্দরে নোঙর করেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। তবে বন্দরে পৌঁছানোর পর অবকাশযাপনে গিয়ে মাতাল অবস্থায় মারামারিতে জড়ানোর অভিযোগে দুই মার্কিন নাবিককে আবার জাহাজে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ভোরে থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ার ওয়াকিং স্ট্রিটের কাছে একটি পানশালার সামনে ওই দুই নাবিকের মধ্যে ছোটখাটো সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দাদের একজন পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পাতায়া সিটি পুলিশের প্রধান কর্নেল আনেক শ্রাথংইউ এএফপি-কে বলেন, দুই নাবিকই মদ্যপ ছিলেন এবং তারা মারামারি করছিলেন ও উচ্চস্বরে চিৎকার করছিলেন। স্থানীয় বাসিন্দারা সংঘর্ষটি বড় আকার ধারণ করতে পারে-এমন আশঙ্কা থেকে পুলিশে খবর দেন।
পুলিশ জানায়, দুই নাবিককে পরে পাতায়ার হ্যার্ড রক হোটেলে থাকা যুক্তরাষ্ট্র-থাইল্যান্ডের যৌথ অপারেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ইউএসএস আব্রাহাম লিংকনে ফেরত পাঠানো হয়। তাদের বিরুদ্ধে থাইল্যান্ডের কোনো আইন ভঙ্গের অভিযোগ না থাকায় কোনো মামলা বা চার্জ করা হয়নি।
_1788593348.jpg)
পরিচয় প্রকাশ না করা ওই দুই নাবিককে রণতরিটির থাইল্যান্ডে পাঁচ দিনের অবস্থানের বাকি সময় জাহাজেই থাকতে হবে।
নিমিটজ-শ্রেণির বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন গত বুধবার থাইল্যান্ডের লেম চাবাং বন্দরে পৌঁছায়। প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সেনা নিয়ে রণতরিটির এই সফর দীর্ঘ সময় সমুদ্রে কাটানোর পর বিশ্রাম ও বিনোদনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
পাতায়া দীর্ঘদিন ধরে বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় একটি অবকাশকেন্দ্র। মার্কিন নৌবাহিনীর সদস্যদের আগমনকে কেন্দ্র করে সেখানে নিরাপত্তা ও পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।
তবে দুই নাবিকের ঘটনাটি ছাড়া রণতরিটি থাইল্যান্ডে পৌঁছানোর পর বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পাতায়া পুলিশের প্রধান জানিয়েছেন, ওই ঘটনার পর আর উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি।
এদিকে ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের কারণে ইউএসএস আব্রাহাম লিংকনকে ঘিরে আগেই আলোচনা শুরু হয়েছে। রণতরিটিতে খাদ্যসংকট, নষ্ট হয়ে যাওয়া প্লাম্বিং ব্যবস্থা এবং নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যার অভিযোগ ওঠে। কয়েকজন নাবিকের আত্মহত্যার চেষ্টার খবরও প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের পর মার্কিন আইনপ্রণেতারা রণতরিটির পরিস্থিতি তদন্তের দাবি জানিয়েছেন।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব উদ্বেগ নাকচ করেছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও রণতরিটির নাবিকদের প্রশংসা করেছেন।
ইরান যুদ্ধের কারণে দীর্ঘ সময় মোতায়েন থাকার পর ইউএসএস আব্রাহাম লিংকনের এই থাইল্যান্ড সফরকে নাবিকদের বিশ্রামের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। রণতরিটির প্রায় ৫ হাজার সদস্যকে কয়েক দিনের জন্য পাতায়ায় অবকাশ কাটানোর সুযোগ দেওয়া হয়েছে।