ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৫

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৫
×

দক্ষিণ লেবাননের আল-মানসৌরি গ্রামে গতকাল শনিবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলার পর এভাবেই ধোঁয়ায় ঢেকে যায় এলাকাটি। পাশের আল-হানিয়েহ গ্রাম থেকে ছবিটি তোলা এএফপি

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:৪৫ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:৪৭

লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে গত শুক্রবার থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার লক্ষ্যবস্তু ছিল নাবাতিয়েহ, টায়ার ও পশ্চিম বেকা।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের আল-মানসুরি শহরে পরপর দুটি বিমান হামলা চালিয়েছে।

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় দক্ষিণাঞ্চলীয় টায়ার জেলার একাধিক বাড়ি লক্ষ্যবস্তু করা হয়। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকালে ইসরায়েল ওয়াদি আল-সালুকি ও ওয়াদি আল-হুজেইর এলাকাতেও গোলাবর্ষণ করে।

ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর হামলাচেষ্টার জবাবে ওই আক্রমণগুলো চালিয়েছে তারা। হিজবুল্লাহ কয়েক সপ্তাহ ধরে কোনো ইসরায়েলি অবকাঠামোতে হামলা চালানোর কথা জানায়নি। তারা ইসরায়েলের সর্বশেষ এই হামলার নিন্দা জানিয়েছে।

লেবাননের নাবাতিয়েহর মেফাদুন শহরে গতকাল কয়েক বাসিন্দাকে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত অবকাঠামো ঘুরে দেখতে দেখা যায়। তাদের মধ্যে একজন আলি সুলেইমান মন্তব্য করেন, ‘এখানে কোথায় লক্ষ্যবস্তু? সবাই বেসামরিক।’ সুলেইমান আরও জানান, ছয় মাস ধরে তারা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

এমন এক সময় এসব হামলার ঘটনা ঘটল, যখন লেবাননের চার ব্যক্তিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গত শুক্রবারই রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি ওই ব্যক্তিদের নিরাপদ হস্তান্তর কার্যক্রমে অংশ নেয়।

ইসরায়েলে বেন-গভিরকে ঠেকানোর কেউ নেই
এদিকে, ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের চরমপন্থি নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য দেশটির সরকারের কেউই প্রস্তুত নন বলে সতর্ক করেছেন একজন ইসরায়েলি শান্তিকর্মী।

ফিলিস্তিনি-ইহুদি অধিকারকর্মীদের সংগঠন স্ট্যান্ডিং টুগেদারের সহপ্রতিষ্ঠাতা ও সহপরিচালক আলোন-লি গ্রিন আলজাজিরাকে বলেন, ইসরায়েলি রাজনীতিকরা এখন ‘কে বেশি উগ্র এবং কে ডানপন্থি ভোটারদের বেশি সমর্থন আদায় করতে পারছেন’– এটি নিয়ে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি বলেন, বিরোধী দলের অনেক নেতার নীতিতেও বর্তমান ফিলিস্তিনবিরোধী অবস্থান থেকে বড় কোনো পরিবর্তন আসবে না; বরং তারা ক্ষমতাসীন ডানপন্থিদের সঙ্গে এই প্রশ্নে প্রতিযোগিতা করতে চাইছেন– ‘কে আরও বেশি ডানপন্থি’।

গ্রিন বলেন, বেন-গভির ইসরায়েলি ইহুদিদের বোঝানোর চেষ্টা করছেন যে ‘আরও মৃত্যু, আরও রক্তপাত এবং আরও নির্যাতনের’ মাধ্যমে তারা নিরাপত্তা অর্জন করতে পারবেন। তিনি আরও বলেন, ‘তিনি (বেন-গভির) মিথ্যা বলছেন। এর মাধ্যমে আমরা শুধু আরও সহিংসতাই পাব।’

আরও পড়ুন

×