পশ্চিম তীরে সেটলারদের সহিংসতা বন্ধের আহ্বান
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি/ছবি: আনাদোলু এজেন্সি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:৫৩
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের (সেটলার) সহিংসতা বন্ধে আইনি পদক্ষেপ ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
গতকাল শনিবার পশ্চিম তীরের রামাল্লা জেলার তুরমুস আয়া শহর সফর করে সেখানকার মার্কিন নাগরিক এবং ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর এ আহ্বান জানান তিনি। সফরে অপরাধীদের বিচারের আওতায় আনার কথা বললেও ইসরায়েলি সরকারের সমালোচনা থেকে বিরত ছিলেন তিনি।
মাইক হাকাবি বলেন, আমাদের বার্তা স্পষ্ট, অপরাধ সব সময়ই অপরাধ, আর সন্ত্রাস সব সময়ই সন্ত্রাস। যারা সহিংসতার সঙ্গে জড়িত, তাদের মনে রাখা উচিত, তারা কঠোর পরিণতির মুখোমুখি হবে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আওসাতের খবর বলছে, ২০২২ সালে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি জোট ইসরায়েলের ক্ষমতায় আসার পর থেকে পশ্চিম তীরে সেটলারদের সহিংসতা ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পেয়েছে। মার্কিন রাষ্ট্রদূত যে তুরমুস আয়া শহরটি সফর করেন, তার চারপাশে একাধিক ইসরায়েলি বসতি গড়ে উঠেছে। ফিলিস্তিনিদের অভিযোগ, সেটলাররা প্রায়ই তাদের বাড়িঘরে হামলা চালায় এবং চলাচলে বাধা সৃষ্টি করে।
গাজায় অব্যাহত হামলা, শিশু গুলিবিদ্ধ
এদিকে মার্কিন রাষ্ট্রদূতের সফরের মধ্যেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার গাজা সিটির কাছে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলি হামলায় এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়াফা জানায়, গতকাল শনিবার ভোরের দিকে গাজা সিটির একাধিক বসতবাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল। পাশাপাশি গাজা সিটির পূর্বাঞ্চলে গুলিবর্ষণ এবং রাফায় গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।