পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে মার্কিন প্রতিনিধিরা
জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার কিয়েভে। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৮
যুদ্ধ অবসানের আলোচনা করতে প্রথমবারের মতো ইউক্রেনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত। রোববার জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ কিয়েভে পৌঁছালে তাদের স্বাগত জানান ভলোদিমির জেলেনস্কি।
আকাশপথ বন্ধ থাকায় কুশনার ও উইটকফ ট্রেনে করে ইউক্রেনে গেছেন। একদিন আগে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। সেখানে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দূতদের আশা জেলেনস্কির সঙ্গে বৈঠকের মাধ্যমে যুদ্ধ বন্ধের আলোচনা গতি পাবে।
আলোচনার অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেন- উভয়ই তিনদিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা না চালানোর অঙ্গীকার করেছে। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ মস্কোতে হওয়া আলোচনাকে ‘অত্যন্ত খোলামেলা’ বলে অভিহিত করেছেন।
উশাকভ জানান, মার্কিন প্রতিনিধিরা সমঝোতায় পৌঁছানোর সম্ভাব্য পথ নিয়ে কিছু প্রস্তাব দিয়েছেন। তবে তিনি সেগুলোর বিস্তারিত কিছু উল্লেখ করেননি। বৈঠকে মার্কিন প্রতিনিধিদের জানানো হয়েছে, পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলসহ নিজেদের সামরিক লক্ষ্য অর্জনের ব্যাপারে মস্কো এখনো আত্মবিশ্বাসী।
এদিকে মার্কিন দূতদের সঙ্গে বৈঠকের আগে রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে বলেন, তাঁর দেশ আলোচনার জন্য প্রস্তুত। কিয়েভ সব সময় গঠনমূলক ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ যুদ্ধ ইউরোপের ইতিহাসে অন্যতম বড় সহিংসতায় রূপ নিয়েছে। রাশিয়ার আক্রমণে ইউক্রেনে কয়েক লাখ মানুষ নিহত এবং আরও কয়েক লাখ বাস্তুচ্যুত হয়েছেন।
চলমান আলোচনার অগ্রগতি নিয়ে অনেক ইউক্রেনীয় সংশয় প্রকাশ করেছেন। কিয়েভের ২৯ বছর বয়সী বাসিন্দা ইয়ারোস্লাভ এএফপিকে বলেন, ‘এটি আমাকে কোনো আশাই দেখাচ্ছে না। ইতোমধ্যে অনেক বেশি আলোচনা হয়েছে।’
যুদ্ধ শুরুর পর কুশনার ও উইটকফ অন্তত আটবার মস্কো সফর করেছেন। তবে ইউক্রেনে তাদের এটিই প্রথম সফর।