বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ১১ কেজি স্বর্ণ উদ্ধার
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৮
বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে আবারও বিপুল পরিমাণে স্বর্ণ উদ্ধার হয়েছে। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হালদারপাড়া বিওপি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অভিযান চালিয়ে উদ্ধার করেছে ১৭ কোটি রুপির বেশি অর্থমূল্যের ওই স্বর্ণ।
বিএসএফ সূত্রে জানা যায়, রাতে বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের ওপর দিয়ে কাপড়ে মুড়িয়ে স্বর্ণের বিস্কুট ভারতের দিকে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সে সময় কর্তব্যরত বিএসএফ সদস্যদের নজরে পড়ে বিষয়টি। ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন বিএসএফ সদস্যরা।
পরে তাঁর শরীর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৮৯টি স্বর্ণের বিস্কুট, যার মোট ওজন ১১ কেজি ২৮২ গ্রাম। ভারতে যার আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি ৪০ লাখ ২১ হাজার ৩০০ রুপি।
১০ দিনের ব্যবধানে বাংলাদেশ-ভারত সীমান্তে এ নিয়ে দ্বিতীয়বার মতো স্বর্ণ উদ্ধার হলো। এর আগে নদীয়া জেলার সীমান্তে উদ্ধার হয়েছিল প্রায় ২৪ কোটি রুপির স্বর্ণ।
- বিষয় :
- ভারত
- স্বর্ণবার চোরাচালান
- বাংলাদেশ