সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
ছবি: ফাইন্যান্সিয়াল টাইমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩১
বিশ্ববাজারে হু হু করে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের রাষ্ট্রমালিকানাধীন তেল সংস্থা আরামকোর একটি স্থাপনায় নতুন করে হামলার খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫২ ডলারে উঠেছে। দিনের একপর্যায়ে দাম ৯৭ দশমিক ৯৩ ডলারে পৌঁছায়, যা গত ২৩ জুলাইয়ের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের বাজারে তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। একপর্যায়ে এর দাম ৯৩ ডলার ছাড়িয়ে যায়, যা জুলাইয়ের শেষের পর সর্বোচ্চ।
সৌদি আরামকোর স্থাপনায় হামলার খবর
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সৌদি আরামকোর তেল স্থাপনায় নতুন করে হামলা হয়েছে। সৌদি আরবের জিজান শহরের ওই স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে। সেখানে দৈনিক চার লাখ ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি শোধনাগার রয়েছে।
তবে হামলাটি কারা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার পর থেকেই তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার ইরান দুটি মার্কিন নৌযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর মার্কিন সামরিক বাহিনী ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালায়।
সেন্টকমের দাবি, ওই তিনটি ইরানি জাহাজ ইরানের বিপ্লবী গার্ড ও দেশটির আঞ্চলিক মিত্রদের অর্থায়নে ব্যবহৃত ‘বহু বিলিয়ন ডলারের ছায়া নেটওয়ার্কের’ অংশ।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়েছে। তারা এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ এবং ‘অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছে।
প্রায় এক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর সপ্তাহখানেক আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও লড়াই শুরু হয়। আগস্টে এই সংঘাত ছয় মাসের সীমা অতিক্রম করেছে।
সংঘাত বাড়ার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব ইতিমধ্যে অন্যান্য জ্বালানির দামেও পড়ছে। যুক্তরাষ্ট্রে শ্রমিক দিবসের (লেবার ডে) ছুটির সপ্তাহান্তে পেট্রল ও ডিজেলের দামও রেকর্ড পর্যায়ে উঠেছে।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস
- বিষয় :
- তেলের দাম
- বিশ্ব
- হামলা
- ইরান
- যুক্তরাষ্ট্র