ইসরায়েলকে প্রতিশ্রুতি মানার তাগিদ বোর্ড অব পিসের
গাজায় হামলা অব্যাহত, নিহত ছাড়াল ৭৩ হাজার
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৪
আবুধাবিতে অনুষ্ঠিত তৃতীয় হিলি ফোরামে বোর্ড অব পিসের গাজাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ নিকোলাই ম্লাদেনভ জানিয়েছেন, গাজায় শান্তির পরিকল্পনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে সম্মত হওয়া সব শর্ত ও প্রতিশ্রুতি ইসরায়েলকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আনাদোলু এজেন্সির খবর অনুযায়ী, গাজায় ফিলিস্তিনিদের জীবনযাত্রার মানোন্নয়ন, অবকাঠামো পুনর্নির্মাণ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে হামাসের নিরস্ত্রীকরণের ওপর গুরুত্ব দেন তিনি।
পশ্চিম তীর নিয়ে নেতানিয়াহুর নতুন নির্দেশ
যুক্তরাষ্ট্রের তীব্র কূটনৈতিক চাপের মুখে দখলকৃত পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সামরিক ফাঁড়িগুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সূত্রের বরাতে রয়টার্স জানায়, অনুমতি ছাড়া গড়ে ওঠা আনুমানিক ১০০টি ফাঁড়ির (আউটপোস্ট) ওপর এ নির্দেশ কার্যকর হতে পারে।
গাজায় হামলা অব্যাহত
যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজার দেইর আল-বালাহে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে কামানের গোলায় সাত বছরের এক শিশু এবং গাজা সিটিতে ড্রোন হামলায় ৯ বছরের এক শিশু ও তাঁর বাবা নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৩৪৪ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পুরো যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৭৩ হাজার।
ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা
পশ্চিম তীরের নাবলুস গভর্নরেটের উসারিন গ্রামের কাছে একটি অবৈধ বসতিতে ১৯ বছর বয়সী এক ইসরায়েলি বসতিস্থাপনকারী ফিলিস্তিনি যুবকের ছুরিকাঘাতে আহত হন। হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইসরায়েলি সেনাবাহিনী গুলি করে ওই ফিলিস্তিনি যুবককে হত্যা করে। এ ঘটনার জেরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী যদি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ইসরায়েলে অস্ত্র রপ্তানি সীমিত করার দাবি জার্মানির
আন্তর্জাতিক বিচার আদালতে নিকারাগুয়ার দায়ের করা মামলার শুনানিতে জার্মানি দাবি করেছে, ২০২৫ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানি উল্লেখযোগ্যভাবে সীমিত করেছিল। তবে আন্তর্জাতিক নজরদারি সংস্থা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরও জার্মানি ইসরায়েলে বিপুল সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দিয়েছে।
- বিষয় :
- বোর্ড অব পিস
- গাজা
- ইসরায়েল