দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
ছেলে ও স্ত্রীর সঙ্গে ভুক্তভোগী সি বিক্রম সিং (বাঁয়ে)। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেসের সৌজন্যে
এনডিটিভি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০৬ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩১
ভারতের দিল্লিতে মণিপুরের এক সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একটি অ্যাপার্টমেন্টের বাইরে মদপানের পর কয়েকজন যুবক হট্টগোল করছিলেন। এতে বাধা দেওয়ায় ৫৪ বছর বয়সী সি বিক্রম সিংকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি মেইতেই সম্প্রদায়ের সদস্য।
এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার ও এক কিশোরকে আটক করেছে। বিক্রম সিং কয়েক বছর ধরে দিল্লির কিলোকারি এলাকায় বসবাস করছিলেন। সানলাইট কলোনি থানা-পুলিশ জানিয়েছে, সোমবার বিক্রমের বাড়ির বাইরে কয়েকজন লোক উপদ্রব সৃষ্টি করে। এতে তিনি আপত্তি জানিয়েছিলেন। এরপর হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে।
ঘটনার পর বিক্রমের ছেলে তাঁকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসকরা বিক্রমকে মৃত ঘোষণা করেন।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ-ইস্ট স্টুডেন্টস সোসাইটি (নেসডু) বিক্রমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, বিক্রম মণিপুরের একজন সম্মানিত সংগীতশিল্পী ছিলেন। সোমবার ছয়জনের একটি দল অ্যাপার্টমেন্টের বাইরে মদপান করে হট্টগোল করছিল। বিক্রম তাদেরকে শব্দ কমানোর অনুরোধ করতে গেলে হামলার শিকার হন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা হলেন কুমার (১৯), প্রমোদ (২৬), রমজান খান (২২), দীপাংশু (২১), মোহন বিশ্বকর্মা (৩২), বিজয় (৩৬) ও মান্নু (২৬)। অভিযুক্তরা সবাই বিভিন্ন ধাবা ও খাবারের দোকানের কর্মী। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
- বিষয় :
- পিটিয়ে হত্যা
- সংগীতশিল্পী
- মণিপুর
- দিল্লি
- ভারত