ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

আইফেল টাওয়ারে ধর্মীয় গোষ্ঠীর সফর, আড়ালে থাকতে বলা হয়েছিল নারী কর্মীদের

আইফেল টাওয়ারে ধর্মীয় গোষ্ঠীর সফর, আড়ালে থাকতে বলা হয়েছিল নারী কর্মীদের
×

সেইন নদীতে নৌযাত্রার আগে আইফেল টাওয়ারের সামনে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন হিন্দু সন্ন্যাসীরা। ৩ সেপ্টেম্বর প্যারিসে। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৪ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:০০

ফ্রান্সের আইফেল টাওয়ার দর্শনার্থীদের জন্য মঙ্গলবার আবার খুলে দেওয়া হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে এএফপির সাংবাদিকরা টাওয়ারের নিরাপত্তা তল্লাশি কেন্দ্রগুলো দিয়ে দর্শনার্থী প্রবেশ করতে দেখেছেন। ঐতিহাসিক এই স্থাপনার ওয়েবসাইটেও চালু হওয়ার বার্তা দেওয়া হয়েছে। 

সোমবার হিন্দু ধর্মীয় গোষ্ঠীর টাওয়ার পরিদর্শনের সময় নারী কর্মীদের আড়ালে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর প্রতিবাদে সেদিন থেকে কর্মীরা ধর্মঘট শুরু করলে দর্শনার্থী প্রবেশ বন্ধ হয়ে যায়। পরে ওই গোষ্ঠীর পক্ষ থেকে ঘটনার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। 

প্যারিসের এই বিখ্যাত স্থাপনাটি পরিচালনা করে সেটে নামের একটি প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, হিন্দু প্রতিনিধিদলটি এমনভাবে তাদের পরিদর্শন আয়োজনের অনুরোধ করেছিল যাতে নারী কর্মীদের সঙ্গে সাক্ষাত না হয়। যে গোষ্ঠীটি পরিদর্শন করেছিল তাদের নাম ‘বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামিনারায়ণ সংস্থা’ বা বিএপিএস। 

আইফেল টাওয়ারের সামনে বন্ধের নোটিশ। ফাইল ছবি: এএফপি

নারী সহকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে বাকি কর্মীরা ধর্মঘট ডাকলে টাওয়ার বন্ধ হয়ে যায়। পরে এ ঘটনার জন্য বিএপিএস-এর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। নিজেদের এক্স অ্যাকাউন্টে তারা লিখেছে, ‘প্রতিনিধি দলের আকারটি বড় ছিল। অন্যদের কাজে অসুবিধা এড়াতে টাওয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সফরটির আয়োজন করা হয়।’

তবে আইফেল টাওয়ারের কর্মীরা এক বিবৃতিতে বলেছেন, প্রতিনিধি দলের সফরের সময় নারী কর্মীদেরকে আড়ালে যেতে বলা, তাদের জায়গায় অন্যদের বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তারা এমন নির্দেশনার নিন্দা জানাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু নারীকে তাদের দায়িত্বের স্থান ছেড়ে অন্য এলাকায় চলে যেতে বলা হয়েছিল। কিছু জায়গায় তাদের পরিবর্তে পুরুষ কর্মীদের দায়িত্ব দেওয়া হয়। প্রতিনিধি দলটি সেখানে থাকা অবস্থায় সব নারী কর্মীকে নির্দিষ্ট কিছু এলাকা দিয়ে যাতায়াত না করতেও নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

×