ইরানের তেলবাহী পাঁচ ট্যাঙ্কারে মার্কিন হামলা, জর্ডানে আক্রমণ তেহরানের
ছবি: ইপিএ
বিবিসি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৮
তেহরান দুবার একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার জবাবে মঙ্গলবার ইরানের পাঁচটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি ট্যাঙ্কার ডুবে গেছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সেন্টকম জানায়, ওমান উপসাগরে ইরানের রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট চারটি ট্যাঙ্কার এবং ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল খার্গ দ্বীপের কাছে আরেকটি ট্যাঙ্কার হামলার লক্ষ্য ছিল। মার্কিন দাবি, এসব ট্যাঙ্কার আইআরজিসি ও তাদের আঞ্চলিক সহযোগীদের অর্থায়নে ব্যবহৃত একটি গোপন নেটওয়ার্কের অংশ।
এর জবাবে জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। জর্ডানের সশস্ত্র বাহিনী জানায়, ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি ধ্বংস করা হয়েছে এবং বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়েছে।
অন্যদিকে ইরানের রেভোলিউশনারি গার্ডস দাবি করেছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টাকারী দুটি মার্কিন জাহাজ, আটটি তেল ট্যাঙ্কার ও ১০টি ‘নিয়ম-বহির্ভূত জাহাজে’ হামলা চালানো হয়েছে।
সেন্টকম জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে মার্কিন যুদ্ধজাহাজটি নিরাপদে এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। পরে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার ‘এম/টি রিয়েস্কো’ ওমান উপসাগরে ডুবে যায়।
এদিকে সংঘাতের প্রভাবে এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪১ ডলারে এবং যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৫৫ ডলারে দাঁড়িয়েছে।
মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ জানায়, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামোয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ৭৩ জন আহত এবং জ্বালানি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলার পর কিছু স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরান যখনই মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা বা হামলার চেষ্টা করবে, তখন তাদের ট্যাঙ্কার হারাতে হবে।
এর আগে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সাবমেরিন আটকের দাবি করে ইরান। সেন্টকম জানায়, ড্রোনটিতে একদিনেরও বেশি সময় আগে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এটি পুরোনো মডেলের এবং কোনো সংবেদনশীল তথ্য, গোপন সোনার বা রাডার সরঞ্জাম বহন করছিল না।