ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাবে ইউক্রেন

এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাবে ইউক্রেন
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৫২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৮

আগামী কয়েক বছরে প্রায় এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাবে ইউক্রেন। মিত্রদের সহায়তা ও ইউরোপীয় ইউনিয়নের ঋণের মাধ্যমে এটি তারা সংগ্রহ করছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভেনি খমারা গত মঙ্গলবার এই তথ্য জানান।  

জার্মানি জানিয়েছে, তারা জরুরি ভিত্তিতে ইউক্রেনে নিজেদের মজুতের প্যাট্রিয়ট প্যাক-২ ইন্টারসেপ্টর পাঠাচ্ছে। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইউক্রেনের অন্য সমর্থকদের অনুরোধ জানান, তারাও যাতে নিজ নিজ মজুত থেকে একইভাবে ইউক্রেনকে সহায়তা করার বিষয়টি বিবেচনা করে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের তথ্য বলছে, প্যাক-২ সংস্করণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আকাশযান ধ্বংস করে দিতে সক্ষম। অন্যদিকে এর সর্বাধুনিক সংস্করণ প্যাক-৩ লক্ষ্যবস্তুতে আঘাতে হেনে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। সেটিকে ‘হিট-টু-কিল’ ক্ষেপণাস্ত্র হিসেবেও অভিহিত করা হয়।

রাশিয়ায় নিহত চার
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণের ক্রাসনোদার অঞ্চলের বন্দর শহর নভোরোসসিস্কে অন্তত চারজন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাশিয়ার পক্ষ থেকেই এই তথ্য জানানো হয়। ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলেছেন। তার দেওয়া তথ্যানুসারে, ইউক্রেনের চালানো সর্বশেষ হামলায় তিনটি ব্যক্তিগত বাড়ি ও পাঁচটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ১১ অঞ্চলের আকাশের ওপর থেকে ৫৯৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া কৃষ্ণসাগর ও ক্রিমিয়ার আকাশ থেকেও ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনরুদ্ধারের তাগিদ ট্রাম্পের
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। পুতিন ট্রাম্পের এই অবস্থানকে সমর্থন করেছেন বলেও জানানো হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্রেমলিনের দেওয়া তথ্য অনুযায়ী– দুই নেতার মধ্যে ফোনে প্রায় এক ঘণ্টা কথা হয়েছে। এর আগে কিয়েভ ও মস্কো সফর করেন ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারাড কুশনার। 

আরও পড়ুন

×